ওয়ানা, পাকিস্তান, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের তালেবানপন্থী জঙ্গিরা প্রায় তিন সপ্তাহ আটক রাখার পর মঙ্গলবার আধাসামরিক বাহিনীর ১৫ জন সেনাকে ছেড়ে দিয়েছে। একইদিন তারা গত সপ্তাহে জিম্মি করা চারজনকেও মুক্তি দিয়েছে। স্থানীয় একজন প্রবীণ গোষ্ঠিপতি একথা জানিয়েছেন।
আমীর মোহাম্মাদ মেহসুদ নামের ওই গোষ্ঠিপতি রয়টার্সকে বলেন, "১৫ সেনাকে তারা হস্তান্তর করে দিয়েছে।" জঙ্গিদের হাতে আটক ওই সেনাদের মুক্ত করার মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন মেহসুদ।
গত ৯ আগস্ট আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে জঙ্গিরা আধাসামরিক বাহিনীর ১৬ জন সদস্যকে অপহরণ করে। পরে জঙ্গিরা অপহৃত সেনাদের একজনকে হত্যা করে। একটি ভিডিওচিত্রে এক কিশোরকে ওই সেনার গলা কেটে ফেলতে দেখা যায়।
মেহসুদ জানান, গত সপ্তায় একই এলাকা থেকে যে চারজন অপহৃত হয়েছিল তাদেরকেও ছেড়ে দিয়েছে জঙ্গিরা। গত সপ্তায় অপহৃতদের মধ্যে আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা এবং অপর একজন সরকারি কর্মকর্তাও ছিলেন।
তালেবান জঙ্গিদের সমর্থনের এক উর্বর ক্ষেত্র পাকিস্তানের অস্থিতিশীল ওয়াজিরিস্তান এলাকা। পাকিস্তানের কোনো সরকারই এখানে পুরোপুরি তাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানে আফগানিস্তানের তালেবান সরকারের পতনের পর আল কায়েদা ও তালেবানদের অনেক সদস্য পাকিস্তানের ওয়াজিরিস্তান এবং আফগান সীমান্তবর্তী অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় নেয়।
জঙ্গিদের সঙ্গে একটি শান্তি চুক্তি ভেঙ্গে যাওয়ার এবং গত মাসে ইসলামাবাদের লাল মসজিদে সামরিক হামলার পর পাকিস্তানে, বিশেষকরে ওয়াজিরিস্তান এবং আফগান সীমান্তবর্তী অন্যান্য আদিবাসী এলাকায় সহিংসতার হার বৃদ্ধি পেয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৪০ ঘ.
bdnews24