নাইরোবি, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উগান্ডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭১ জন সেনা নিহত এবং আরও ৪১ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সেনাদের বহনকারী বিশাল একটি ট্রাক একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী কংক্রিটের দেওয়ালে আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীর একজন মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন।
সেনা মুখপাত্র মেজর ফেলিক্স কুলেয়িগি বলেন, "এটা ছিল একটি ট্রেইলার এবং সেনারা পূর্ব উগান্ডা থেকে অন্যত্র যাচ্ছিল। মনে হচ্ছে কেউই অক্ষত নেই।"
তিনি আরও বলেন, স্মরকালের ভয়াবহ এ দুর্ঘটনা রোববার রাতে উগান্ডার পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় সংঘটিত হয়।
তিনি বলেন, "এটা সত্যিই মর্মান্তিক। ঘটনাটির যথার্থ কারণ তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/
bdnews24