দুবাই, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দুবাইয়ের জেবেল আলি সমুদ্র বন্দরের কেমিক্যাল ডিপোতে আগুন লেগে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে সোমবার ভোরে। কয়েক হাজার ব্যারেল দাহ্য পদার্থ ও কেমিক্যাল পাউডারে বোঝাই ডিপোটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। তবে এতে এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে না বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা।
মধ্যপ্রাচ্যের ব্যস্ততম এ সমুদ্র বন্দরে গত দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় আগুন লাগার ঘটনা।
দুবাই সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের প্রশাসনিক প্রধান রশিদ আল মাতরুশি জানান," সেখানে বিস্ফোরণ ঘটছে। বিস্ফোরণের তীব্রতায় ডিপোর বিস্ফোরিত বর্জ্য প্রায় ১০০০ ফুট পর্যন্ত ওপরে উঠে যাচ্ছে।"
তিনি জানান স্থানীয় সময় সোমবার ভোর ৪.০০ টায় বিস্ফোরণ শুরু হয়। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রশিদ মাতরুশি জানান ডিপোটি প্রায় ২৫,০০০ ব্যারেল দাহ্য পদার্থ এবং কেমিক্যাল পাউডারের ব্যাগে বোঝাই ছিল।
ডিপোটি বন্দরের প্রবেশ পথে কাছে অবস্থিত হওয়ায় এতে বন্দরের মূল অংশে জাহাজ চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না বলেও তিনি জানান। তবে আশপাশের বিস্তীর্ণ এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারটি এ বন্দরে অবস্থিত। তবে 'অ্যামিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি'র এক মুখপাত্র জানিয়েছেন শোধনাগারের কর্মকাণ্ড পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে না। এ শোধনাগারটি প্রতিদিন প্রায় ১,২০,০০০ ব্যারেল তেল সরবরাহে সক্ষম।
জেবেল আলি সমুদ্র বন্দরটি সাত রাজ্যের যুক্তরাষ্ট্র 'সংযুক্ত আরব আমিরাতের' একটি দুবাইয়ে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেল রপ্তানীকারক দেশ।
এর আগে আমিরাতের আরেক রাজ্য শারজাহ গত সপ্তাহে আগুন লাগার ঘটনায় তার কার্গো বন্দরটি সাত ঘন্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয় ।
উপসাগরীয় আরব তেল রপ্তানীকারক দেশটির বন্দর বিশ্বে তেল সরবরাহ সচল রাখার জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন নৌবাহিনীর নিয়মিত পরিদর্শনসহ কড়া নিরাপত্তা নজরদারি রয়েছে এ বন্দরে।
মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের লেফট্যানেন্ট জন গে রয়টার্সকে জানিয়েছেন " রুটিন অনুসারে এ মুহুর্তে সেখানে কোনো মার্কিন বিমানবাহী জাহাজ থাকার কথা না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪০ ঘ.
bdnews24