২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি ধীর'

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ এখনও উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছায়নি। অন্তত এ বছরের গ্রীষ্মে ইরানের প্রধান পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার ছিল স্বাভাবিক গতির চেয়ে কম। তবে এ ধীর গতি কি জাতিসংঘের কঠোর পদক্ষেপ এড়াতে ইরানের ইচ্ছাকৃত, নাকি প্রযুক্তিগত কোনো সমস্যাই এর কারণ-- তা নিশ্চিত হওয়া যায়নি। পশ্চিমা কূটনীতিকরা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ভিয়েনা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ এখনও উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছায়নি। অন্তত এ বছরের গ্রীষ্মে ইরানের প্রধান পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার ছিল স্বাভাবিক গতির চেয়ে কম। তবে এ ধীর গতি কি জাতিসংঘের কঠোর পদক্ষেপ এড়াতে ইরানের ইচ্ছাকৃত, নাকি প্রযুক্তিগত কোনো সমস্যাই এর কারণ-- তা নিশ্চিত হওয়া যায়নি। পশ্চিমা কূটনীতিকরা রোববার একথা বলেছেন। ইরানের ভূগর্ভস্থ নাতাঞ্জ পরমাণু প্রকল্পে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের কাজের সঙ্গে ঘনিষ্ঠ একজন পশ্চিমা কূটনীতিক ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধীর গতি সম্পর্কে বলেছেন,"এটা প্রাযুক্তিক কারণেও হতে পারে, রাজনৈতিক কারণেও হতে পারে। কিংবা একইসঙ্গে এ দুই কারণেও হতে পারে।" তবে তিনি আরও বলেছেন,"তবে এখনও ব্যবহারযোগ্য পরমাণু জ্বালানি উৎপাদনের চেয়ে স্পষ্টতই অনেক দূরে রয়েছে তারা।" কিন্তু স্বভাবসুলভভাবেই ইরান বলছে যে তার পরমাণু কর্মসূচির কাজ 'বিরতিহীনভাবে' স্বাভাবিক গতিতেই এগাচ্ছে এবং এ বিষয়ে কোনো আপোসে রাজি নয় তারা। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) দেশটিকে অনুরোধ করে আসছে যে বর্তমান কার্যক্রম সাময়িকভাবে হলেও স্থগিত করে পুনরায় আলোচনা শুরুর সুযোগ সৃষ্টি করতে। নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সেন্ট্রিফিউজ (বিদ্যুৎ কিংবা বিস্ফোরকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র) বসানো শুরু করার পর এ বছরের জুলাই মাসে তাদের প্রায় ৩,০০০ সেন্ট্রিফিউজ সক্রিয় থাকার কথা। এ পরিমাণ সেন্ট্রিফিউজ সক্রিয় থাকলে তা 'ইন্ডাস্ট্রিয়াল স্কেলে' বা বিপুল পরিমাণে পরমাণু জ্বালানি উৎপাদনে সক্ষম হওয়া সম্ভব। কিন্তু পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, ইরানের পরমাণু সক্ষমতা এখনও ২,০০০ সেন্ট্রিফিউজের আশপাশেই ঘোরাফেরা করছে। নাতাঞ্জে ১৬৪ টি সেন্ট্রিফিউজের পরষ্পর সংযুক্ত নেটওয়ার্ক (কাসকেড) এর কয়েকটি গুচ্ছে মোট ২,০০০ এর মতো সেন্ট্রিফিউজ সক্রিয় রয়েছে বলে তাদের ধারণা। পরমাণু বিশেষজ্ঞরা বলে থাকেন দীর্ঘ সময় ধরে বিরতিহীনভাবে সুপারসনিক গতিতে ১৮ টি কাসকেডকে এ কাজে সক্রিয় রাখতে পারলে বছরে একটি পরমাণু বোমা বানানোর মতো পরমাণু জ্বালানি উৎপাদন করা সম্ভব। ইরানের বর্তমান লক্ষ্যও এ ধরণের সক্ষমতা অর্জন করা। তবে দেশটি বলে আসছে যে পরমাণু বোমা নয় বরং বিদ্যুতের জন্য পরমাণু জ্বালানি উৎপাদনই তার উদ্দেশ্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮০০ ঘ.