লস্কর গাহ, আফগানিস্তান, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান নিয়ন্ত্রিত একটি শহরের বাসিন্দারা রোববার বলেছেন, বিদেশি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ বেসামরিক আফগান হতাহতের ঘটনা ঘটে চলেছে। গত শনিবারের বিমান হামলায় নিহত হয়েছে কয়েক ডজন আফগান।
আফগানিস্তানের বিভিন্ন সাহায্য সংস্থা এবং কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বিদেশি সেনাদের অভিযানে এ বছর ইতিমধ্যেই দেশটিতে সাড়ে তিনশ'র বেশি আফগান নিহত হয়েছে।
এদিকে, ব্রিটিশ ও মার্কিন সেনারা এলাকাটিতে যুদ্ধ চলার কথা নিশ্চিত করেছে। তবে শনিবার রাতে সেখানে কোনো বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে ব্রিটিশ সেনারা। আর মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সেখান বিমান হামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার রাতের হামলায় হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলার কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার অধিবাসীরা। তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এ প্রদেশ আফগানিস্তানের সবচেয়ে বেশি মাদক-উৎপাদনকারী অঞ্চল।
হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ এর একটি হাসপাতালে কমপক্ষে ছয়জন আহত বেসামরিক লোককে ভর্তি করা হয়েছে।
ওই হাসপাতালের প্রধান রহমাতুল্লাহ জানান, আহতরা গুলাম মোহাম্মাদ নামের এক লোকের পরিবারের সদস্য।
তিনি বলেন, আহতদের সবার জখম মারাত্মক এবং তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
গুলাম মোহাম্মাদ জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে চলা ওই হামলায় শিশুসহ তার পরিবারের আট সদস্য নিহত হয়েছেন।
হাসপাতালটির বাইরে রয়টার্সকে তিনি বলেন, "এখন পর্যন্ত ৬০ জন নিহত ও আহত লোককে উদ্ধার করা হয়েছে এবং অনেকেই বিধ্বস্ত ঘর-বাড়ির নিচে চাপা পড়ে আছেন।"
হাজি সাইদ মোহাম্মাদ নামের গুলাম মোহাম্মাদের পরিবারের এক সদস্য বলেন, "এটা ছিল একটি নিরিবিলি সন্ধ্যা এবং হঠাৎ করেই শুরু হয় বোমাবর্ষণ। বোমায় গবাদিপশুও মারা গেছে।"
তিনি আরও বলেন, "আমরা কিছুই করতে পারছি না। আমাদের গ্রামেও থাকতে পারছি না এবং অন্য কোথাও যেতেও পারছি না। প্রত্যেক দিন মারা যাওয়ার চেয়ে সবাই এক মুহুর্তে মারা যাওয়াটাই আমাদের জন্য সবচেয়ে ভাল।"
এদিকে, মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, মুসা কালা এলাকায় মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী একটি অভিযান চালাচ্ছিল। তবে সে হামলা শেষ হয়েছে না চলছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে, ব্রিটিশ সেনাবাহিনী বলেছে, তালেবানদের সঙ্গে সংঘর্ষ হলেও এলাকাটিতে কোনো বিমান হামলা চালানো হয়নি। উল্লেখ্য, হেলমান্দ প্রদেশে ব্রিটিশ সেনাদের সংখ্যাই বেশি।
আফগানিস্তানে বেসামরিক লোকের প্রাণহানি দেশটিতে মোতায়েন ন্যাটো ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার দুই পক্ষের জন্য স্পর্শকাতর বিষয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫২ঘ.
bdnews24