ম্যানিলা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী দু মাসের মধ্যে ১০ সদস্যের আসিয়ান জোটের (এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে ভারত। ভারতের বাণিজ্য সচিব গোপাল পিল্লাই রোববার একথা বলেছেন।
বাণিজ্য সচিব গোপাল পিল্লাই বলেছেন,"চুক্তিটির প্রায় ৯৮ ভাগই চূড়ান্ত হয়ে গেছে।"
পিল্লাই জানান,"এ নভেম্বরে সিঙ্গাপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনে চুক্তিটি স্বাক্ষরের আশা করছি আমরা।"
আসিয়ান বাণিজ্য বৈঠকে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থানরত পিল্লাই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে রোববার এসব কথা বলেন।
ভারতীয় সচিব অবশ্য বলেননি যে কি কি বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। তবে আসিয়ানের কর্মকর্তারা বলেছেন, শুল্ক কমানো হবে না এমন তালিকা থেকে পেট্রোলিয়ামজাত পদার্থের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। কিন্তু ভারত তা মেনে নিতে নারাজ।
বাণিজ্য সচিব বলেছেন, নভেম্বরে চুক্তি স্বাক্ষর হলে আসিয়ান দেশগুলোতে ভারতের রপ্তানী ২০১২ সালের মধ্যে প্রায় দুই হাজার দুইশত কোটি ডলারে পৌঁছাবে।
২০০৫ সাল আসিয়ান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল দুই হাজার তিনশত কোটি ডলার। যেখানে ভারতের রপ্তানীর পরিমাণই ছিল আটশ' কোটি ডলার।
ব্র"ণাই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম ১০ সদস্যের আসিয়ান জোটের সদস্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24