প্যারিস, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী রেমঁদ ব্যারে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ইউরোপে একক মুদ্রা চালুর ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কয়েক দিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। এপ্রিলে হৃদপিণ্ডের সমস্যায় হাসপাতালে ভর্তি হন।
শনিবার তার পরিবার একটি বিবৃতি দিয়ে জানায়, "রেমঁদ ব্যারে ২৫ আগস্ট রাতে হাসপাতালে মারা গেছেন।"
ব্যারে ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন। ফরাসী প্রেসিডেন্ট ভ্যালেরি গিসকার্দ ১৯৭৬ সালে তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। তার আগে তিনি ছিলেন সরকারি আমলা। প্রেসিডেন্ট ভ্যালেরি তাকে ফ্রান্সের সেরা অর্থনীতিবিদ হিসাবেও অভিহিত করেছিলেন।
১৯৮১ সালে ফ্রাঁসোয়া মিঁতেরার নেতৃত্বে সমাজতন্ত্রীদের বিজয় পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
প্রেসিডেন্ট গিসকার্দের সঙ্গে ব্যারের সম্পর্কের সূচনা ১৯৬০ এর দশকে ইউরোপীয় কমিশনের অর্থনীতিও অর্থ বিষয়ক কমিশনার থাকার সময় থেকে। তিনিই প্রথম ইউরোপীয় অর্থ সহযোগিতার প্রস্তাব প্রণয়ন করেন। ১৯৬৯ সালে হ্যাগে ইউরোপের নেতারা প্রস্তাবটি অনুমোদন করেন।
তিনি যখন একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ওই সময় ফ্রান্স ও জার্মানী যৌথভাবে ইউরোপের বিনিময় হার ব্যবস্থা চালুর মাধ্যমে একক মুদ্রার বিষয়টি পুনরুজ্জীবীত করে।
তবে দেশে তিনি ততটা জনপ্রিয় ছিলেন না। কারণ জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে সে সময় ফ্রান্স সংকটে পড়ে। সংকট কাটাতে তিনি লোকসানি ইস্পাত ও কয়লা খাতের হাজার হাজার শ্রমিককে চাকরিচ্যুত করেন এবং মুদ্রাস্ফীতি কমাতে কঠোর ব্যবস্থা নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24