বেইজিং, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনে ৮ কিলোগ্রাম (১৭ পাউন্ড) তেজস্ক্রিয় ইউরেনিয়াম খুঁজে পাচ্ছে না পুলিশ। ফলে কালোবাজারে এ ইউরেনিয়াম বিক্রি প্রচেষ্টায় জড়িত সন্দেহভাজন ৪ জনের বিচারের রায়ও বিলম্বিত হচ্ছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
সরকারি পত্রিকা চায়না ডেইলি জানায়, চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এর রাজধানী গুয়াংঝৌর একটি আদালতে অভিযোগের শুনানি হয়েছে। শুনানিতে বলা হয়, আটক চার জন ২০০৫ সাল থেকে ২০০৭ সালের মধ্যে ওই ইউরেনিয়াম কালোবাজারে বিক্রির চেষ্টা করে।
পত্রিকাটি জানায়, হংকঙের সম্ভাব্য একজন ক্রেতা কর্তৃপক্ষের কাছে ওই চার ব্যক্তি সম্পর্কে তথ্য দেয়। পরে এ বছর জানুয়ারিতে তাদের গ্রেফতার করা হয়।
চার ব্যক্তি তাদের হেফাজতে থাকলেও পুলিশ এখনো ইউরেনিয়ামই খুঁজে পায়নি। চায়না ডেইলি জানায়, "আটক চার জন দাবি করেছে ইউরেনিয়াম খোয়া গেছে, কারণ এগুলো সম্ভাব্য অনেক ক্রেতার হাত ঘুরেছে।"
আদালত বলেছে, কর্তৃপক্ষ ইউরেনিয়ামগুলো খুঁজে না পাওয়া পর্যন্ত বিচার কাজ চলবে।
এদিকে, হংকং ভিত্তিক ইনফরমেশন ফর হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসি জানায়, তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্ত হয়ে যাওয়ায় ২০ জনের বেশি লোক অসুস্থ হয়ে পড়েছে। এ সংক্রান্ত তদন্তে সরকারি সম্পৃক্ততা দাবি করেছে ওই সংস্থা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৩২ ঘ.
bdnews24