কাঠমান্ডু, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- নেপালে রাজা জ্ঞানেন্দ্রর সব ক্ষমতা একে একে কেড়ে নেওয়ার পর এবার রাজপ্রাসাদগুলোরও মালিকানা নিয়ে নিয়েছে নেপালের বহুদলীয় সরকার। সরকার জানিয়েছে, প্রাচীন রাজপ্রাসাদগুলো ছাড়াও রাজধানী কাঠমান্ডুর কেন্দ্রস্থলে রাজার সরকারি বাসভবনটিও এর আওতায় পড়বে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী একথা জানান।
তবে তথ্য ও যোগাযোগ মন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত নেপালের 'নারায়ণহিতি' রাজপ্রাসাদেই থাকবেন ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র ও তার পরিবার।
কৃষ্ণ বাহাদুর বলেন, "নারায়ণহিতি এ পর্যন্ত রাজার নামে থাকলেও এখন থেকে এটা সরকার মালিকানাধীন বলে গণ্য হবে।"
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির আরেক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডুর ঐতিহাসিক দরবার চত্বরে অবস্থিত রাজপ্রাসাদটিসহ আরও পাঁচটি প্রাচীন রাজপ্রাসাদের মালিকানাও সরকার নিয়ে নিচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতাচ্যুত রাজপরিবারের সম্পদ দিয়ে জনগণের কল্যাণে সরকার নিয়ন্ত্রিত একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
তবে নেপালের রাজপরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নেপালের গণমাধ্যমে রাজার সম্পত্তি বাজেয়াপ্ত করা কিংবা রাজপ্রাসাদের মালিকানা সরকারের হাতে নিয়ে নেওয়ার বিষয়টিকে একটি জনপ্রিয় ইস্যু উল্লেখ করে একে নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সাপ্তাহিক 'নেপালি টাইমস' এর সম্পাদক কুণ্ডু দীক্ষিত বলেছেন, "এর মধ্য দিয়ে এটা প্রমাণ হয়ে গেল যে, নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে প্রচারাভিযান শুরু হয়ে গেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৫০ ঘ.
bdnews24