ওয়াশিংটন, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর হিলারি ক্লিনটন বুধবার ইরাকের প্রধানমন্ত্রী নূর আল-মালিকিকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান বিভেদ নিরসনে মালিকি ব্যর্থ হওয়ায় হিলারি এ মতামত ব্যক্ত করেন।
এর আগে সোমবার মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান ডেমোক্রেট সদস্য কার্ল লেভিনও মালিকির বিরুদ্ধে বিরোধ নিরসনে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে একই আহ্বান জানান।
২০০৮ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী হিসাবে হিলারি জনমতে এগিয়ে আছেন।
হিলারি ক্লিনটন একটি বিবৃতিতে বলেন, "ইরাকের সংবিধান সংশোধন, প্রদেশগুলোর নির্ধারিত নির্বাচন, তেল সংক্রান্ত আইন পাস, বাথ পার্টির সমস্ত অতীত ঝেটিয়ে বিদায় করার জন্য সংস্কারসহ ক্ষমতা ভাগাভাগির রাজনীতির যে লক্ষ্য সেটা পূরণে ব্যর্থ হয়েছেন ইরাকি নেতারা।"
তিনি বলেন, আমি লেভিনের ইচ্ছার সঙ্গে একমত। ইরাকের পার্লামেন্টের উচিত মালিকিকে সরিয়ে দেওয়া এবং কয়েক সপ্তাহের মধ্যে তার পরিবর্তে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধামন্ত্রী করা উচিত।"
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মালিকির প্রতি সমর্থন পুর্নব্যক্ত করার কয়েক ঘন্টা পর হিলারি এ বিবৃতি দিলেন।
বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকম/এমএসবি/২৩৪৩ ঘ.
bdnews24