২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা মওসুমে পর্বতারোহণ ফি কমাবে নেপাল

বিশ্বের সর্বোচ্চ পবর্ত শৃঙ্গ এভারেস্ট আরোহণে আগ্রহীদের আকর্ষণ করতে এবং পর্যটন শিল্পের উন্নতির লক্ষ্যে নেপাল সরকার মন্দা মওসুমে পর্বতারোহণ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সে দেশের শীর্ষস্থানীয় একজন মন্ত্রী এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

কাঠমান্ডু, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের সর্বোচ্চ পবর্ত শৃঙ্গ এভারেস্ট আরোহণে আগ্রহীদের আকর্ষণ করতে এবং পর্যটন শিল্পের উন্নতির লক্ষ্যে নেপাল সরকার মন্দা মওসুমে পর্বতারোহণ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সে দেশের শীর্ষস্থানীয় একজন মন্ত্রী এ কথা জানান। বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত আরোহণ মওসুমে কয়েক ডজন পর্বতারোহী দল নেপাল যায়। তাদের প্রত্যেক দলকে ২৯০৩৫ ফুট উচ্চতার এভারেস্টে আরোহণ করতে কমপক্ষে ৭০ হাজার ডলার দিতে হয়। তবে হেমন্ত ও শীতে পর্বতারোহীরা যান না বললেই চলে। নেপালের পর্যটনমন্ত্রী পৃথ্বি সুব্বা গুরুং রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, "আমরা মন্দা মওসুমে এভারেস্ট পর্বতে আরোহণে ইচ্ছুকদের আর্থিক সহায়তা দিতে চাই।" তবে তিনি জানান, ভরা মওসুমের ফি অপরিবর্তিত থাকবে। তিনি বলেন, "হেমন্তে ফি ৫০ এবং শীতে ৭৫ শতাংশ কমানোর প্রস্তাবটি আমরা বিবেচনা করছি।" হেমন্তে পর্বতারোহণ মওসুম সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। আর শীতে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যার এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নরগে শেরপা এভারেস্ট জয় করার পর এ বছর নেপাল ও তিব্বত থেকে গড়ে কমপক্ষে ৫২০ জন এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। নেপাল পর্বতারোহণ সংস্থার সভাপতি জানান, অন্য পর্বতগুলোর জন্যও মন্দা মওসুমে একই রকম আর্থিক সহায়তা দেওয়া হবে। আং তশেরিং শেরপা বলেন, "তিব্বত সীমান্ত সংলগ্ন আরও কয়েকশ ছোট পর্বত আরোহীদের জন্য উন্মুক্ত করে দেওয়া সরকারের উচিত। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বত শৃঙ্গের ৮টিই নেপালে অবস্থিত। দেশটিতে প্রায় ২০০০ পর্বত রয়েছে। এর মধ্যে মাত্র ৩২৬টিতে আরোহণ করতে পারেন বিদেশীরা। দরিদ্র পার্বত্য দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ শতাংশ আসে পর্যটন খাত থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০৫১ ঘ.