নয়া দিল্লি, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে বিরোধের জের ধরে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবে কিনা এ ব্যাপারে ঐক্যমত্যে আসতে চাচ্ছে ভারতীয় বামপন্থীরা। বিরোধিতার কৌশল ঠিক করতে বুধবার কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু করেছে বামজোটের প্রধান শরিক কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মার্কসিস্ট) বা সিপিআইএম। দলটির দুদিনব্যাপী বৈঠকের এজেন্ডায় চুক্তির বিষয়টিই প্রধান ইস্যু।
পার্লামেন্টে বামদলগুলোর আসন ৬০টি। চুক্তির প্রশ্নে তাদের জোটগত অবস্থান কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারকে ২০০৪ সালে ক্ষমতাগ্রহণের পর এ যাবৎকালে সবচেয়ে গভীর রাজনৈতিক সংকটে ফেলেছে। বামজোটের বিরোধিতার ফলে মনমোহন সরকার অপসারিত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে। এর ফলে পরিস্থিতি আগাম নির্বাচনের দিকে যেতে পারে।
বামপন্থীরা ২০০৯ সালের নির্ধারিত সময়ের আগেই নিবার্চনের জন্য চাপ দেবে কিনা এ প্রশ্নের জবাবে সিপিআইএমের সিনিয়র নেতা বিমান বসু বলেন, "এ ব্যাপারেই আমরা এখানে আলোচনার চেষ্টা করছি।"
অন্য নেতারা বলছেন, বল এখন কংগ্রেসের কোর্টে। তারাই সিদ্ধান্ত নেবে কমিউনিস্টদের দাবি মেনে পরমাণু চুক্তি স্থগিত করবে নাকি চুক্তি বহাল রাখবে এবং আগাম নির্বাচনের দিকে যাবে।
বামপন্থীরা তাদের উদ্বেগের বিষয়গুলো বিবেচনা না করে চুক্তি চূড়ান্তের ব্যাপারে আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) সঙ্গে আলোচনায় না বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। চুক্তির ব্যাপারে উদ্যোগ অব্যাহত রাখলে সরকারের জন্য সেটা 'মারাত্মক পরিণতি' ডেকে আনবে বলেও বামদলগুলো সতর্ক করে দিয়েছে।
ভারত পরমাণু বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করেনি। এছাড়া দেশটি পরমাণু পরীক্ষা চালিয়েছে। তা সত্ত্বেও এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশ থেকে পরমাণু জ্বালানি ও চুল্লি কিনতে পারবে ভারত।
বামদলগুলো এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলেছে, এ চুক্তির মধ্য দিয়ে সরকার ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেছে। বামপন্থীরা আরও বলেছে, ভারতের ওপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব মেনে নেওয়া হয়েছে।
কংগ্রেস ও বামদলগুলো সংকট নিরসনের চেষ্টা চালালেও এখনো বলা মত অগ্রগতি হয়নি। কংগ্রেস বলেছে তারা এ ব্যাপারে কোন ছাড় দেবে না।
সিপিআইএমের সিনিয়র নেতারা জানিয়েছেন, পার্টি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার এবং আগাম নির্বাচনের দিকে যাবে নাকি মুখরক্ষা করার কোন উপায় খুঁজে বের করবে এ ব্যাপারে কেন্দ্রীয় নেতারা দ্বিধাবিভক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক সিপিআইএমের একজন সিনিয়র নেতা রয়টার্সকে বলেন, "আমরা এ মুহূর্তে নির্বাচন চাইনা। তবে বল এখন কংগ্রেসের কোর্টে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24