নয়া দিল্লি, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- চীনকে বাদ দিয়েই গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে বৃহত্তর এশীয় অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এর মধ্যে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।
বুধবার ভারতীয় পার্লামেন্টে এক যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় আবে এ আহ্বান জানান।
জাপানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার ৩ দিনের সফরে দিল্লি পোঁছান। তার সফরসঙ্গী হয়েছেন সে দেশের প্রায় ২০০ শীর্ষ ব্যবসায়ী কর্মকর্তা। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে ভারতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই তার এ সফরের লক্ষ্য।
যৌথ অধিবেশনে ভারতীয় আইনপ্রণেতা এবং কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, "এ অংশীদারিত্ব হবে এমন একটি যুথবদ্ধতা যেখানে আমরা মৌলিক মূল্যবোধ যেমন স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ছাড়াও কৌশলগত স্বার্থ ভাগাভাগি করতে পারবো।" আবে তার ভাষণে চীনের নাম উল্লেখ করেননি।
তিনি বলেন, "জাপান ও ভারত এ পথেই ঐক্যবদ্ধ হচ্ছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে এর সঙ্গে যুক্ত করে বৃহ্ত্তর এশীয় অংশীদারিত্ব বিপুল নেটওয়ার্কে পরিণত হয়ে গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে।"
২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের পর আবে প্রথম সরকার প্রধান যিনি ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন।
যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে টোকিও ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। জাপানের নৌবাহিনী প্রথমবারের মত আগামী মাসে বঙ্গোপসাগরে ভারত-মার্কিন যৌথ মহড়ায় অংশ নেবে।
প্রধানমন্ত্রী আবে বলেন, ভারতকে 'অংশীদার' ও 'বন্ধু' হিসাবে 'পুনরায় আবিস্কার' করেছে জাপান।
এর আগেও তিনি বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ক যে কোন সময়ের তুলনায় এখন অনেক জোরালো। মঙ্গলবার রাতে তিনি বলেন, " দু দেশের সম্পর্ক এখন আরও গভীর ও প্রশস্ত। পাঁচ দশক আগে যে রকম ছিল তার সঙ্গে এখনকার এ সম্পর্কের কোন তুলনাই চলে না।"
কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, "আমি এ ব্যাপারে একমত যে আমাদের দু'দেশের সম্পর্ক বিশ্ব শান্তির জন্য সহায়ক হবে।"
সফররত জাপানি প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত করবেন। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।
এ ছাড়া দুপক্ষের মধ্যে বেসামরিক পরমাণু জ্বালানী সহযোগিতা ও প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24