২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি জাদুঘর তৈরি করবে ইন্দোনেশিয়া

২০০৪ সালে ভারত মহাসাগরের সুনামিতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে নিহতদের স্মরণে ওই প্রদেশে একটি জাদুঘর তৈরি করবে ইন্দোনেশিয়া। জাদুঘরটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৪ লাখ মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

বান্দা আচেহ, ইন্দোনেশিয়া, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৪ সালে ভারত মহাসাগরের সুনামিতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে নিহতদের স্মরণে ওই প্রদেশে একটি জাদুঘর তৈরি করবে ইন্দোনেশিয়া। জাদুঘরটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭৪ লাখ মার্কিন ডলার। প্রলয়ঙ্করী ওই সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ। নিখোঁজ বা নিহত হয় প্রায় এক লাখ ৭০ হাজার লোক। স্থপতি রিদওয়ান কামিল জাদুঘরটির নকশা করেছেন। তিনি জানান, প্রাদেশিক রাজধানী বান্দা আচেহ-এ নির্মিতব্য জাদুঘর ভবনটি দেখতে হবে খুঁটির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী ঘরের মতো। তিনি বলেন, সুনামিতে আচেহ'র যেসব লোক নিহত হয়েছিল তাদের নাম জাদুঘরের বারান্দায় খোদাই করা থাকবে। রয়টার্সকে তিনি বলেন, ওই মাত্রার এক বিপর্যয় মোকাবেলায় "আচেহবাসীর শক্তির প্রতীক হবে এই জাদুঘর।" তিনি আরও বলেন, ভবিষ্যতে সুনামির হাত থেকে বাঁচার একটি আশ্রয়স্থল হিসাবেও ব্যবহৃত হবে জাদুঘরটি। ইন্দোনেশিয়া সরকার প্রকল্পটির জন্য ৭০ বিলিয়ন রূপিয়া (৭৪ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে। আশা করা হচ্ছে, এ বছরের শেষ নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বরে ভারত মহাসাগরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল প্রলয়ঙ্করী ওই সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি। যার আঘাতে ভারত মহাসাগর তীরবর্তী এলাকার প্রায় দুই লাখ ৩০ হাজার লোক নিখোঁজ এবং নিহত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৫ঘ.