২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনক

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এর হার বছর প্রতি ১০ শতাংশ। মঙ্গলবার জাতিসংঘের এইডস বিষয়ক একজন শীর্ষ কর্মকর্তা এ কথা বলেন। জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক প্রসাদা রাও বলেন, এ অঞ্চলের সরকারগুলোর উচিত প্রতিরোধ কর্মসূচিতে আরও বেশি অর্থ ব্যয় করা। এছাড়া আফ্রিকার তুলনায় এইচআইভির ব্যাপকতার হার নিম্ন পর্যায়ে রাখা নিশ্চিত করতে তাদের প্রয়োজন ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধ উৎপাদন করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

কলম্বো, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এর হার বছর প্রতি ১০ শতাংশ। মঙ্গলবার জাতিসংঘের এইডস বিষয়ক একজন শীর্ষ কর্মকর্তা এ কথা বলেন। জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক প্রসাদা রাও বলেন, এ অঞ্চলের সরকারগুলোর উচিত প্রতিরোধ কর্মসূচিতে আরও বেশি অর্থ ব্যয় করা। এছাড়া আফ্রিকার তুলনায় এইচআইভির ব্যাপকতার হার নিম্ন পর্যায়ে রাখা নিশ্চিত করতে তাদের প্রয়োজন ক্রয় ক্ষমতার মধ্যে ওষুধ উৎপাদন করা। শ্রীলংকার রাজধানী কলম্বোয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এইডস বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস চলছে। কংগ্রেস শুরু হয় রোববার। কংগ্রেসে রয়টার্সের সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে রাও বলেন, "আমরা দেখেছি গত দু বছরে প্রায় ১০ লাখ মানুষ এইচআইভি সংক্রমিত হয়েছে। অর্থাৎ প্রতিবছর ৫ লাখ মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। ১০ শতাংশ খুবই উদ্বেগজনক হার।" তিনি বলেন, "দক্ষিণ ভারত, থাইল্যান্ড ও কম্বোডিয়া যেখানে এইচআইভি আক্রান্তের হার কমছে তাদের বাদ দিলে বাকী অঞ্চলে ক্রমবর্ধমান হারে সংক্রমণ বেড়েই চলেছে।" তিনি আরও বলেন, "এ হার ঊর্ধ্বমুখী।" ইউএনএইডস-এর হিসাবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০০৬ সালে এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল ৫৪ লাখ। এইডসজনিত কারণে প্রতি বছর মারা যাচ্ছে এক লাখ ৪০ হাজার থেকে ৬ লাখ ১০ হাজারের মধ্যে যে কোন পরিমাণ লোক। আফ্রিকার সাব-সাহার অঞ্চলের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এ অঞ্চলে। সাব-সাহারায় ২ কোটি ৫৮ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত। এ অঞ্চলের পাপুয়া নিউ গিনি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন ও বাংলাদেশের ব্যাপারে ইউএনএইডসের গভীর উদ্বেগ রয়েছে। পাপুয়া নিউ গিনিতে দুর্বল চিকিৎসা কাঠামো এবং ধর্ষণের ব্যাপকতা এইচআইভি সংক্রমণের কারণ। রাও বলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও উত্তর ভারত নিয়ে তারা উদ্বিগ্ন। পাকিস্তানের ব্যাপারে উদ্বেগের কারণ হলো দেশটিতে এইচআইভি সংক্রমণের সামগ্রিক মাত্রা এখনো বোঝা যাচ্ছে না। অন্যদিকে উত্তর ভারতে এ ব্যাপারে খুব ধীর গতিতে এবং বিচ্ছিন্নভাবে সাড়া পাওয়া যাচ্ছে। ভারতে ২০ থেকে ৩০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত। এদের মধ্যে ৮৫ শতাংশ আক্রান্ত হয়েছে যৌনকর্মীদের মাধ্যমে। চীনের ৬০ শতাংশ সংক্রমণের কারণ ইনজেকশনের মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২২৪৪ ঘ.