তেহরান, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলবস্থা নিরসনের লক্ষ্যে ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) আলোচনা শুরু করেছে। মঙ্গলবার তেহরানে দ্বিতীয় দিনের মতো দুপক্ষে আলোচনা হয়েছে। পশ্চিমাদের সন্দেহ পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে তেহরান। আর তেহরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন করা।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের জানায়, আলোচনার অগ্রগতি সম্পর্কে মঙ্গলবার দিনের শেষে কোনো এক সময় এক সংবাদ সম্মেলনে জানাবেন আলোচকরা।
ইরান গত জুন মাসে তাদের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ'র পরিদর্শকদের অধিক প্রবেশাধিকার সংক্রান্ত একটি কর্মপরিকল্পনা ৬০ দিনের মধ্যে প্রস্তুত করতে রাজি হয়।
তারপর দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে জুলাই এবং এ মাসের প্রথম দিকে দু'দফা আলোচনা হয়। ইরানের কর্মকর্তারা ওইসব আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক হিসাবে অভিহিত করেন।
কূটনীতিকরা বলছেন, ডিসেম্বরের পর থেকে জাতিসংঘের দুই দফা অবরোধের শিকার হওয়া ইরান আর কোনো কঠোর অবরোধের হুমকি এড়ানোর লক্ষ্যে এখন অধিক সহযোগিতামূলক কাজ করছে।
কিন্তু অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে ব্যাপক পরিসরে আলোচনায় বসার পূর্বশর্ত হিসাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি প্রত্যাহারের ওপর জোর দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর ইরান তা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
ইরানের কর্মকর্তারা বলছেন, তারা আশা করছেন আইএইএ তাদের আগামী প্রতিবেদনে ইরানের সহযোগিতা করার বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করবে। ইরানের পরমাণু কর্মসূচির ওপর সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ওই প্রতিবেদনটি জমা দেওয়ার কথা। যে প্রতিবেদনের ওপর নির্ভর করছে ইরানের ওপর জাতিসংঘ আর কোনো অবরোধ আরোপ করবে কিনা।
এদিকে, ইরানের প্রধান পরমাণু আলোচক আলি লারিজানি সোমবার বলেছেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া আর কোনো শাস্তিমূলক পদক্ষেপের শিকার হলে ইরান তার সমুচিত জবাব দেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৬ঘ.
bdnews24