২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মালিকি সরকারকে উৎখাত করা উচিৎ: যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী নূরী আল মালিকি সরকারকে উৎখাত করা উচিৎ বলে মন্তব্য করেছেন এক শীর্ষস্থানীয় মার্কিন সিনেটর। ইরাক সফর শেষে দেশে ফিরে সোমবার এ মন্তব্য করেন মার্কিন সিনেটর কার্ল লেভিন। তিনি বলেন, পার্লামেন্টে অনাস্থা ভোট এনে এ সরকারকে উৎখাত করা যেতে পারে। মালিকি সরকারের বিরুদ্ধে গোষ্ঠীগত বিরোধে জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ওয়াশিংটন, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে প্রধানমন্ত্রী নূরী আল মালিকি সরকারকে উৎখাত করা উচিৎ বলে মন্তব্য করেছেন এক শীর্ষস্থানীয় মার্কিন সিনেটর। ইরাক সফর শেষে দেশে ফিরে সোমবার এ মন্তব্য করেন মার্কিন সিনেটর কার্ল লেভিন। তিনি বলেন, পার্লামেন্টে অনাস্থা ভোট এনে এ সরকারকে উৎখাত করা যেতে পারে। মালিকি সরকারের বিরুদ্ধে গোষ্ঠীগত বিরোধে জড়িত থাকার অভিযোগও করেন তিনি। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান প্রভাবশালী সিনেটর লেভিন বলেন, "আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরাকের পার্লামেন্ট অধিবেশন শুরু হলে তারা মালিকি সরকারকে উৎখাত করবে। সুবিবেচনার পরিচয় দিয়ে গোষ্ঠীপ্রবণ নয় এবং জাতিকে আরও একতাবদ্ধ করতে সক্ষম এমন কোন প্রধানমন্ত্রী ও সরকারকে এর স্থলাভিষিক্ত করবে।" আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষে থাকা দুই রিপাবলিকান সিনেটর কার্ল লেভিন ও ভার্জিনিয়ার জন ওয়ার্নার ইরাকে দুদিনের সফর শেষে দেশে ফেরার পরপরই সোমবার এ মন্তব্য করলেন। এক যৌথ বিবৃতিতে লেভিন ও ওয়ার্নার বলেন ইরাকে যুক্তরাষ্ট্রের 'সেনা বাড়ানোটা' রাজনীতিবিদদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল, কিন্তু এ সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছেন তারা। তাদের মতে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে ওই সমঝোতা খুবই প্রয়োজন। প্রভাবশালী দুই সিনেটর বলেন,"আমরা ওই ধরনের কোনো সমঝোতার ব্যাপারে আশাবাদী হতে পারিনি।" সাংবাদিকদের সঙ্গে এক টেলিকনফারেন্সে যোগ দিয়ে সিনেটর লেভিন বলেন, ইরাকি পার্লামেন্ট সদস্যরা অনাস্থা ভোট এনে মালিকি সরকারকে উৎখাত করতে পারে। তিনি আরও বলেন, মালিকি সরকার খুব বেশি মাত্রায় গোষ্ঠীপ্রবণতার ওপর প্রতিষ্ঠিত এবং গোষ্ঠীগত বিরোধের সঙ্গে জড়িত। লেভিন বলেন,"সামরিকভাবে নয় বরং রাজনৈতিক সমাধানই যে একমাত্র সমাধান এ বিষয়ে একধরনের মতৈক্য আছে এবং এখন তা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি প্রযোজ্য। কোনো রাজনৈতিক সমাধান হতে হলে তা ওই সরকারের অচলাবস্থা কাটিয়ে উঠেই হতে হবে।" এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জনড্রোয়ি বলেছেন, ইরাকি নেতারা এখন একটি রাজনৈতিক সমাধানে আসার চেষ্টা করছেন। লেভিন আরও জানান, তিনি এবং সিনেটর ওয়ার্নার ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের সঙ্গেও দেখা করেছেন। জেনারেল পেত্রাউসের এ সেপ্টেম্বরে ইরাক নিয়ে একটি বিশদ মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার কথা। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে কংগ্রেসে রাজনীতিবিদদের সঙ্গে মত বিনিময় করতে পারেন জেনারেল পেত্রাউস। বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/এএমটি/১৬০০ ঘ.