ওয়াশিংটন, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন মিডিয়ায় ইরাক যুদ্ধের খবর পরিবেশন উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এ বছরের দ্বিতীয় তিন মাসে এ হার মারাত্মকভাবে হ্্রাস পায়। সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইরাক বিষয়ক সংবাদ পরিবেশন কমে যাওয়ার জন্য ওয়াশিংটনের ইরাক নীতি নিয়ে বিতর্ক কমে যাওয়াকে কারণ হিসাবে দেখানো হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।
সংবাদ মাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা 'প্রোজেক্ট ফর এক্সিলেন্স ইন জার্নালিজম' এ প্রতিবেদন প্রকাশ করে। সংবাদপত্র, বেতার, অনলাইন সংবাদ মাধ্যম, কেবল নেটওয়ার্ক এবং টেলিভিশন চ্যানেলসহ মোট ৪৮ টি সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর তিন মাস ধরে গবেষণা চালানো হয়।
১ এপ্রিলের থেকে ২৯ জুন পর্যন্ত মোট ১৮,০১০ টি সংবাদ আইটম পর্যালোচনা করে একটি "নিউজ কভারেজ ইনডেক্স" বা সংবাদ পরিবেশন সূচক তৈরী করে ওই পর্যবেক্ষক সংস্থাটি।
যুক্তরাষ্ট্রে ইরাক নীতি নিয়ে বিতর্ক, ইরাকের প্রাত্যহিক ঘটনাবলী এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে ইরাক যুদ্ধের প্রভাব -- সংবাদ পরিবেশনকে এ তিনটি ধারায় বিভক্ত করে তারা জানান, এর সবগুলো ধারার সংবাদ পরিবেশনই উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
সংবাদ পরিবেশন সূচকে দেখা যায় 'এপ্রিল - জুন' সময়কালে ওই তিনটি ধারা মিলিয়ে ইরাক নিয়ে পরিবেশিত সংবাদ ছিল সংবাদমাধ্যমের মোট সংবাদের মাত্র ১৫ ভাগ। এ হার এ বছরের প্রথম তিন মাস অর্থাৎ 'জানুয়ারি - মার্চ' এ পরিবেশিত ইরাক নিয়ে সংবাদের চেয়ে প্রায় এক তৃতীয়াংশ কম।
প্রথম তিন মাসে ইরাক বিষয়ক খবর ছিল সংবাদ মাধ্যমে পরিবেশিত মোট সংবাদের প্রায় ২২ শতাংশ।
সংবাদ মাধ্যমের যে পাঁচটি শাখায় জরিপ চালানো হয় তার প্রত্যেকটিতেই ইরাক যুদ্ধের 'কভারেজ' উল্লেখযোগ্য হারে কমে এসেছে। চলতি বছরের প্রথম তিন মাসে যে সব টিভি নেটওয়ার্ক তাদের সান্ধ্যকালীন সংবাদে এ যুদ্ধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সে সব চ্যানেলে দ্বিতীয় তিন মাসে এ সংক্রান্ত সংবাদ পরিবেশন কমে গেছে প্রায় ৪০ শতাংশ। প্রথম তিন মাসে ইরাক - সংবাদ মোট সংবাদের ৩৩ ভাগ থাকলেও দ্বিতীয় তিন মাসে তা ১৯ ভাগে নেমে আসে।
কেবল টেলিভিশনে ইরাক নিয়ে সংবাদ পরিবেশন 'এপ্রিল - জুন' সময়কালে কমে আসে প্রায় ৩৯ শতাংশ। এ বছরের প্রথম তিন মাসে মোট সংবাদের ২৩ শতাংশ থাকলেও দ্বিতীয় তিন মাসে তা নেমে আসে ১৪ শতাংশে।
ইরাক নিয়ে সংবাদ পরিবেশনের হার আরও কমে আসে মে মাসের ২৪ তারিখে সেনা প্রত্যাহারের কোনো সময়সীমা ছাড়াই মার্কিন কংগ্রেসের ইরাক যুদ্ধ বিল অনুমোদনের পর।
ইরাক নিয়ে সংবাদ পরিবেশন কমে আসার পর এ স্থান দখল করে নেয় যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা এবং ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরের বিতর্ক।
'প্রোজেক্ট ফর এক্সিলেন্স ইন জার্নালিজম' নিজেদের একটি নির্দলীয়, অ-আদর্শিক এবং অ- রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে দাবি করে থাকে। মার্কিন সংবাদ মাধ্যমের বড় পরিসরের সংবাদ পরিবেশনের একটি 'নিরীক্ষা' হিসাবে তাদের 'সংবাদ পরিবেশন সূচক' তৈরী করেছে সংস্থাটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24