মিয়ামি, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন ডিন রোববার জ্যামাইকা ও কেইমান দ্বীপপুঞ্জের দিকে প্রচণ্ড বেগে ধেয়ে যাচ্ছে। ঘন্টায় ২৩০ কিলোমিটার গতেবেগ নিয়ে ৪ ক্যাটাগরির ঘূর্ণিঝড় হিসেবে তা জ্যামাইকায় আঘাত হানতে যাচ্ছে। আটলান্টিক ঘুর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে ৫ ক্যাটাগরির হারিকেনে রূপ নিয়ে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার দপ্তর জানিয়েছে।
এদিকে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের অনেকেই অন্যত্র পাড়ি জমাতে আগে থেকেই ভীড় জমিয়েছেন ক্যরিবীয় বিমানবন্দরগুলোতে। স্থানীয় বাসিন্দারা জরুরি খাদ্যদ্রব্য ও ঔষধপত্র মজুদ করে ঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়েছেন।
কেইমান দ্বীপপুঞ্জে হারিকেন সতর্কতা জারি আছে এবং হাইতির অংশবিশেষ এবং ডোমিনিকান রিপাবলিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার জানিয়েছে স্থানীয় সময় রাত ২ টায় (গ্রিনিচ সময় রোববার সকাল ৬ টায়) জ্যামাইকার রাজধানী কিংস্টনের ৪৮০ কিলোমিটার পূর্ব - দক্ষিণ পূর্বে অবস্থান করছিল হারিকেনটি।
কেইমান অঞ্চলে ২৫০ কিলোমিটার গতিবেগে প্রবল ঘূর্ণিতে আরও বেগ সঞ্চার করে এটা আগামী দুদিনের মধ্যে প্রলয়ঙ্করী হারিকেনের সর্বোচ্চ মাত্রায় ক্যাটাগরি ৫ এ রূপ নিতে পারে।
এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হারিকেন ডিনের প্রভাবে ভারী বৃৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে এবং অন্য ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
শুক্রবার হারিকেন ডিন ২ ক্যাটাগরির ঝড়সহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ফরাসী নিয়ন্ত্রিত মার্তিনিক, সেইন্ট লুসিয়া, ডোমিনিকায় আঘাত হানে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১০০ মাইল। এর প্রভাবে দ্বীপাঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝড়ে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে।
দ্বীপপুঞ্জের দুর্যোগ মেকাবেলা বিষয়ক সংস্থা জানায়, ডোমিনিকায় ভূমিধসে একটি বাড়ি বিধ্বস্ত হয়। এতে ২ জন মারা গেছে। অন্য একটি ঘটনায় সেইন্ট লুসিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দূরদেশে ভূ-খণ্ড দেখভালের দায়িত্বে নিয়োজিত ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান অ্যাস্ট্রোসি জানান, হারিকেনের আঘাতে মার্তিনিকের কলা এবং ৭০ শতাংশ আখ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, "অর্থনৈতিক দিক থেকে এ ক্ষতি বিশাল ও নাটকীয়।"
মার্তিনিকে এক বৃদ্ধ হার্ট অ্যাটাকে মারা গেছে। সেখানে আরও ৬ জন আহত হয়েছে বলেও জানা গেছে।
এ বছর আটলান্টিকে সৃষ্ট হারিকেনের মধ্যে ডিনই প্রথম যা দীর্ঘ পথ পেরিয়ে শুক্রবার উষ্ণ ক্যারিবীয় সাগরে পড়েছে এবং শনিবার জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে।
হারিকেন ডিনের গতি প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওই অঞ্চলের জ্বালানি বাজারগুলো। জ্বালানি প্রতিষ্ঠানগুলো মেক্সিকো উপকূলীয় এলাকার তেল খনি থেকে তাদের লোকজনকে ইতিমধ্যে সরিয়ে নিয়েছে। ২০০৪ ও ২০০৫ সালে হারিকেনের কারণে তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হয়। এ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র তার অপরিশোধিত তেলের এক-তৃতীয়াংশ পেয়ে থাকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০০ ঘ.
bdnews24