কান্দাহার, আফগানিস্তান, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের বাইরে শনিবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে পুলিশের একটি গাড়িসহ একটি যাত্রীবাহী গাড়ি বিধ্বস্ত হয়। এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।
কান্দাহারের পুলিশ প্রধান সৈয়দ আগা সাকিব বলেছেন, হামলাটিতে ১৫ জন নিহত হয়েছেন।
রয়টার্সের একজন প্রতিবেদক কান্দাহারের একটি হাসপাতালের মর্গে ১৫টি লাশ দেখতে পেয়েছেন। তিনি বলেন, সেগুলোর মধ্যে পাঁচজন পুলিশ, তিনজন নারী এবং একটি শিশুর লাশ রয়েছে। তিনি আরও বলেন, বিস্ফোরণে আরও ১৮ জন আহত হয়েছেন।
তবে সরকারি হিসেবে এখনও হতাহতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি কিংবা কোনো পুলিশ সদস্যের মৃত্যুর কথা বলা হয়নি।
তারা জানান, কান্দাহার শহরের পশ্চিম দিকের একটি মহাসড়কের কাছে বিস্ফোরণটি হয়। পুলিশ জানিয়েছে, এটা ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা। আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউএসপিআই নামে যুক্তরাষ্ট্রের একটা নিরাপত্তা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো হয়েছিল ওই হামলা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে একটি পুলিশের গাড়ি এবং একটি যাত্রীবাহী গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও জানান, হতাহতদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন, "আমরা দেখলাম ১২টি মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে বেসামরিক এবং প্রতিষ্ঠানটির আফগান কর্মচারিরাও ছিলেন।"
আত্মঘাতী হামলা চালিয়ে তিন সন্তানসহ কান্দাহার শহরের একজন জেলা প্রধানকে তার বাড়ির গেটে হত্যার পর দিন হল এ আত্মঘাতী গাড়িবোমা হামলা। শনিবারের হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়-দায়িত্ব স্বীকার করেনি। উল্লেখ্য, অতীতের অনেক আত্মঘাতী হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।
আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনা ও আফগান সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসাবে তালেবান জঙ্গিরা প্রধানত আত্মঘাতী অভিযান এবং রাস্তায় পেতে রাখা বোমার উপর নির্ভর করে থাকে।
ন্যাটো ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় ৫০ হাজার পশ্চিমা সেনা এবং লক্ষাধিক আফগান সেনা থাকা সত্ত্বেও আফগানিস্তানে গত ১৯ মাসের সহিংসতায় প্রায় সাত হাজার লোকের প্রাণহানি হয়েছে।
সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে। যেখানে সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে তালেবান এবং আল কায়েদার মতো তালেবান মিত্ররা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫৩০ ঘ.
bdnews24