পেরু, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কনস্ট্যাটিনা লেমি পিসকো শহরের প্রধান চত্বরে রাখা সারি সারি লাশের মাঝে মেয়েকে খুঁজছেন। একটি মৃতদেহ দেখে ছুটছেন অন্যটির দিকে। কিন্তু কোথাও নেই। যাচ্ছেন কাদামাখা নিথর মৃতদেহগুলোর কাছে। মেয়েকে হারানোর আশঙ্কায় কাঁপছেন আর আহজারি করছেন।
বুধবার পেরুর প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর দিন বৃহস্পতিবার উপকূলীয় প্রদেশ ইকার পিসকো শহরের এমন অনেকে নিখোঁজ স্বজনদের খুজে ফিরছিলেন। ৪০ বছরের লেমি বলেন, "আমি আমার মেয়েকে খুঁজছি। সে চার্চে গিয়েছিল। হয়তো সে আহত হয়েছে। আমি কিছুই জানিনা।"
পিসকোর কেন্দ্রীয় প্লাজার ওই চার্চে যখন প্রার্থনা চলছিল তখন ভূমিকম্প আঘাত হানে। উদ্ধারকর্মী, পুলিশ ও সেনা সসদ্যরা প্লাজার ধ্বংসস্তুপ থেকে ৫০টির বেশি মৃতদেহ উদ্ধার করেছে। প্রায় ২০ জন উদ্ধারকারী দলটি তখনও চার্চের ধ্বংস স্তুপে আটকা পড়া জীবিতদের উদ্ধারের চেষ্টা করছিল।
রিখটার স্কেলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৫১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার জাতিসংঘ পেরুর জাতীয় ও স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়। এছাড়া আহতের সংখ্যা এক হাজার বলে জানিয়েছে জাতিসংঘ।
তবে উদ্ধার কাজে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইকা প্রদেশের পিসকো শহরে উদ্ধারকর্মীরা একজনকে জীবিতকে উদ্ধার করার পর আরও মানুষকে জীবিত উদ্ধারের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।
উদ্ধারকর্মীরা জানান, শহরের সেনর ডি লুরেন গির্জার প্রধান টাওয়ারসহ বেশ কিছু ভবন ধসে গেছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এবং তার ছিঁড়ে যাওয়ায় শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। নিহতদের অধিকাংশই এই শহরের বাসিন্দা।
স্থানীয় বেতারের খবরে বলা হয়, ভূমিকম্পে প্যান-আমেরিকান হাইওয়ের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইকা শহরে ঢুকতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
রয়টার্সের হাতে আসা জাতিসংঘের রিপোর্টে বলা হয়, ভূমিকম্পে সবচেয়ে বাজে অবস্থা কানেট, চিনচা ও পিসকো শহরের। এ ছাড়া নাজকা ও পালপার মত এলাকায় উদ্ধারকর্মীরা ঢুকতেই পারছেন না।
জাতিসংঘের কোঅর্ডিনেশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান বিষয়ক (ওসিএইচএ) দপ্তর জানায়, পেরু সরকার আশ্রয় সরঞ্জাম এবং ওষুধের জন্য আবেদন করেছেন। শুক্রবার রাতের দিকে তারা জানাবে কি পরিমাণ সরঞ্জাম এবং ওষুধপত্র তাদের দরকার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পেরুর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল রাজধানী লিমা থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তলদেশে।
মিনিটখানেক স্থায়ী এই ভূমিকম্পে রাজধানী লিমার ভবনগুলো সাংঘাতিকভাবে কাঁপতে শুরু করে এবং আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভূমিকম্পের পর রাজধানীর মোবাইল টেলিফোন সার্ভিসও বন্ধ হয়ে যায়। ভবনগুলোর জানালার ভাঙা কাচের টুকরোর মধ্য দিয়ে বিদ্যুৎহীন অন্ধকার রাজধানীর রাস্তাগুলোতে ছুটতে দেখা যায় প্রচুর সংখ্যক অ্যাম্বুলেন্স।
ভূমিকম্পের পরপরই পেরু, চিলি, ইকুয়েডর ও কলম্বিয়ার উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
দক্ষিণাঞ্চলীয় শহর কানেটের বাসিন্দা মিলাগ্রোস মেনেজেস (৩৫) রয়টার্সকে বলেন, "কাঁপুনি শুরু হওয়ার আগে আমি বাচ্চাদের সঙ্গে ঘরেই ছিলাম। তারপর হঠাৎ করেই দেওয়ালগুলো ধসে পড়তে শুরু করে। আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। বাচ্চাদের ঘুমানোর জন্য হাসপাতাল আমাকে একটি তাঁবু দিয়েছে।"
কানেটে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পেরুর প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া বলেছেন, "একটি বড় ধরনের বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি আমরা। "
তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং দ্রুত উদ্ধার কর্মকাণ্ড চালানোর জন্য সংশি
bdnews24