২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনডেভারের নিরাপদ প্রত্যাবর্তনে আশাবাদী নাসা

এনডেভারের পেটে তাপ নিরোধক আচ্ছাদনে সৃষ্ট খাঁজ মেরামত না করেই নভোযানটির নিরাপদে পৃথিবীতে ফেরার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা। মঙ্গলবার এনডেভারের কমান্ডার এবং নাসার ব্যবস্থাপক এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

হিউস্টন, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এনডেভারের পেটে তাপ নিরোধক আচ্ছাদনে সৃষ্ট খাঁজ মেরামত না করেই নভোযানটির নিরাপদে পৃথিবীতে ফেরার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা। মঙ্গলবার এনডেভারের কমান্ডার এবং নাসার ব্যবস্থাপক এ কথা জানিয়েছেন। গত শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সময় বায়ূমণ্ডলে এনডেভার আঘাতপ্রাপ্ত হয়। এতে এর পেটের দিকে তাপ নিরোধক আচ্ছাদন টাইলসে খাঁজ সৃষ্টি হয়। পৃথিবীতে ফেরা সময় এনডেভার বায়ূমণ্ডলে প্রবেশ করলে দুটি টাইলসে সৃষ্ট খাঁজ বড় ধরনের কোন বিপদ ঘটাবে কিনা কম্পিউটারে মডেলের সাহায্যে সেটা পরীক্ষা করা হচ্ছে জনসন মহাকাশ কেন্দ্রে। এ কারণে মহাকাশযানের ফেরা বিলম্বিত হতে পারে বলেও মিশন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন। এনডেভার থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এর কমান্ডার স্কট কেলি বলেন, "আমাদের নিরাপত্তার ব্যাপারে আমি উদ্বিগ্ন না।" মহাকাশযানের দু নারীসহ ৭ নভোচারীর নেতৃত্বে রয়েছেন কেলি। তিনি বলেন, "আমি মনে করি টাইলসের যে ক্ষতি হয়েছে সেটা নভোচারীদের নিরাপত্তার জন্য কোন ইস্যু নয়। বরং বড় ইস্যু হচ্ছে নভোযানটিকে আবার ব্যবহার করতে পারা এবং তার ক্ষতি। আমরা এখনো খাঁজটি পরীক্ষা করে দেখছি। এখনও খাঁজটি মেরামত করতে হতে পারে।" পৃথিবীতে ফেরার আগে নভোচারীদের মহাকাশে পদচারণার সময় খাঁজটি মেরামত করা হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। এনডেভার পৃথিবীর উদ্দেশ্যে বুধবার রাতের দিকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ত্যাগ করার কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০৩৩ ঘ.