২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদের উত্থানের জন্য পশ্চিমা বিশ্ব দায়ী: আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবান জঙ্গিদের অস্ত্র সরবরাহের মার্কিন অভিযোগ অস্বীকার করে সন্ত্রাসবাদের উত্থানের জন্য পশ্চিমা বিশ্বকে পাল্টা দায়ী করেছেন। মঙ্গলবার আফগানিস্তান সফরকালে রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সন্ত্রাসবাদের জন্য পশ্চিমা বিশ্বকে দোষারোপ করেন। আহমাদিনেজাদ বলেন, "আফগানিস্তান ও ইরান সরকার উভয়েই সন্ত্রাসবাদের শিকার। আর এ সন্ত্রাসবাদে সমর্থন যোগাচ্ছে পরাশক্তিগুলো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 03:51 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

কাবুল, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবান জঙ্গিদের অস্ত্র সরবরাহের মার্কিন অভিযোগ অস্বীকার করে সন্ত্রাসবাদের উত্থানের জন্য পশ্চিমা বিশ্বকে পাল্টা দায়ী করেছেন। মঙ্গলবার আফগানিস্তান সফরকালে রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সন্ত্রাসবাদের জন্য পশ্চিমা বিশ্বকে দোষারোপ করেন। আহমাদিনেজাদ বলেন, "আফগানিস্তান ও ইরান সরকার উভয়েই সন্ত্রাসবাদের শিকার। আর এ সন্ত্রাসবাদে সমর্থন যোগাচ্ছে পরাশক্তিগুলো।" তালেবানদের অস্ত্র যোগানোর অভিযোগের জবাবে আহমাদিনেজাদ সাংবাদিকদের বলেন, "আমি জোরালোভাবে এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করছি। এ অভিযোগের কোন সত্যতা নেই। এমনকি ইরাকি জঙ্গিদের অস্ত্র দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট যে অভিযোগ করে আসছে তাতেও সত্যের কোন ছিটেফোঁটা নেই।" মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, আফগানিস্তানে বিপুল পরিমাণ ইরানি অস্ত্র যাচ্ছে। অথচ তেহরান জানে না এটা বিশ্বাস করা কঠিন। ইরাকে গেরিলা রাস্তার পাশে পেতে রাখার জন্য যে ধরনের উচ্চ ক্ষমতার বোমা ব্যবহার করে সে রকম বোমা আজকাল আফগানিস্তানেও তালেবানরা ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাকি গেরিলাদের এ বোমা দিচ্ছে ইরান। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্র সফর করে আসার মাত্র এক সপ্তাহ পর আহমাদিনেজাদ ওই দেশ সফরে গেলেন। যুক্তরাষ্ট সফরকালে সে দেশের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানের ব্যাপারে কারজাইকে সতর্ক করেন। বুশ বলেছিলেন, ইরান 'শুভশক্তি' নয়। ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযোগ, প্রতিবেশি ইরাক ও আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি গোষ্ঠিকে অস্ত্র সরবরাহ এবং গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান সব অভিযোগই অস্বীকার করে আসছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহমাদিনেজাদ বলেন, "আমরা আফগানিস্তানের রাজনৈতিক প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করি।" তিনি বলেন, "দীর্ঘ সীমান্ত থাকার কারণে তেহরানের ওপর আফগান নিরাপত্তার একটি প্রাথমিক প্রভাব রয়েছে। আমাদের জন্য শক্তিশালী ও স্থিতিশীল আফগানিস্তানই জরুরি।" সংবাদ সম্মেলনে কারজাই জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিভেদ দূর করতে পারে আফগানিস্তান। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধমে মার্কিন-সমর্থিত শাহ সরকার উৎখাত হওয়ার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে হয়। প্রেসিডেন্ট কারজাই বলেন, "ইরানের সঙ্গে আফগানিস্তানের জোরালো সম্পর্ক রয়েছে। আমাদের দু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং একই ভাষায় কথা বলে। এছাড়া আমরা যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার।" তিনি বলেন, যদি আফগানিস্তান ওই দু দেশকে কাছাকাছি আনতে পারে তাহলে সেটা হবে আমাদের জন্য খুশীর ব্যাপার। তবে সেটা নির্ভর করছে এ বিষয়ে তারা কি ভাবে।" আফগানিস্তানে কয়েক দশক ধরে যুদ্ধ চলার কারণে দেশটির প্রায় দশ লাখ মানুষ ইরানে আশ্রয় নিয়েছে এবং অভিবাসী শ্রমিক হিসাবে কাজ করছে। অবশ্য আহমাদিনেজাদ সাংবাদিকদের বলেন ," বর্তমানে ইরানে ২৫ লাখ আফগান নাগরিক আছে। তারা ইরানিদের মত সব অধিকার ভোগ করে। এতে আমাদের কোন সমস্যা নেই। তবে যারা অবৈধভাবে ইরানে প্রবেশ করছে তাদের নিয়ে আমাদের সমস্যা। স্বাভাবিকভাবেই তারা সমস্যা সৃষ্টি করে থাকে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০৫১ঘ.