ইসলামাবাদ, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। একইদিনে আফগান সীমান্তবর্তী এলাকায় তালেবানপন্থী তিন জঙ্গিকে হত্যা করে পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা। এদিকে গত সপ্তায় আফগান সীমান্তর কাছে অপহৃত ১৬ জন আধা-সামরিক সেনার একজনকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে তালেবানপন্থী জঙ্গিরা । একইসঙ্গে জঙ্গিরা হুমকি দিয়েছে যে সেনাদের হাতে আটক ১০ তালেবান জঙ্গিকে ছেড়ে দেওয়া না হলে অপহৃত বাকী সেনাদেরও মেরে ফেলা হবে। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।
লাল মসজিদে সেনা অভিযান এবং পরবর্তী সহিংসতার প্রেক্ষাপটে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মঙ্গলবার ৬০ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক আধা-সামরিক সেনা।
ইসলামাবাদের লাল মসজিদে তালেবানপন্থী অভ্যুত্থান ঠেকাতে জুলাই মাসের সেনা অভিযানের পর মুসলিম জঙ্গিরা পাকিস্তানের বিভিন্ন এলাকায় বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। লাল মসজিদের ওই অভিযানে নিহত হয়েছিল ১০২ জন। অন্যদিকে ওই অভিযানের পর জঙ্গিদের বোমা হামলাসহ বিভিন্ন সহিংসতায় নিহত হয়েছে দুই শতাধিক লোক।
পুলিশ জানায়, সোমবারের রাস্তার পাশে পেতে রাখা বোমাটি সম্ভবত রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। যে সময় একটি বাস উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের সোয়াত শহর দিয়ে যাচ্ছিল। বোমায় হতাহতরা সবাই অসামরিক লোক।
এর আগে সোমবার সকালে দক্ষিণ ওয়াজিরিস্তানে এক পাল্টা হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীরা তিন জঙ্গিকে হত্যা করে। সেনা মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, দক্ষিণ ওয়াজিরিস্তানের চেকপয়েন্টগুলোতে গভীর রাতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তারক্ষীরা পাল্টা হামলা চালায় এবং তাতে মারা যায় তিন জঙ্গি।
এদিকে দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে গত ৯ আগস্ট অপহৃত হওয়া ১৬ জন আধা-সামরিক সেনার একজনকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে তালেবানপন্থী জঙ্গিরা।
অঞ্চলটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা লতিফ-উর-রেহমান জানান, দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে ৫০ কিলোমিটার পূর্বের জানডোলার একটি ফুটবল মাঠের কাছে মঙ্গলবার লাশ ও ছিন্ন মস্তকটি দেখতে পান সেখানকার বাসিন্দারা।
লাশটির কাছে একটি চিরকুট দেখতে পাওয়া যায়। যাতে বলা হয়েছে, অপহরণকারীদের দাবি পূরণ না হলে অন্যদেরও একই ভাগ্য বরণ করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৩০ ঘ.
bdnews24