হিউস্টন, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মহাকাশযান এন্ডেভারের পেটে সৃষ্ট খাঁজটি আরও পরীক্ষা করে দেখতে চায় নাসা। তারপরই তারা সিদ্ধান্ত নেবে পৃথিবীতে নিরাপদে ফিরতে হলে খাঁজটি মেরামত জরুরি কিনা। শুক্রবার মহাকাশ স্টেশনে যাওয়ার পথে বায়ুমণ্ডলে এন্ডেভার আঘাত পায়।
রোববার এন্ডেভারের নভোচারীরা রোবটের সাহায্যে খাঁজটি পরীক্ষা করেন। এতে দেখা গেছে, এন্ডেভারের তাপনিরোধক আচ্ছাদন টাইলসে ৩ ইঞ্চি পরিমাণ খাঁজ রয়েছে। অবতরণের আগে বায়ূমণ্ডলের ভেতর দিয়ে আসার সময় সৃষ্ট তাপ থেকে মহাকাশযানকে রক্ষা করবে এ টাইলস্ আচ্ছাদন।
মিশন ব্যাবস্থাপনা দলের সভাপতি জন শ্যানন জানান, মেরামতের সিদ্ধান্ত নেওয়ার আগে ক্ষতটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন বলে মনে করে নাসা।
জনসন মহাকাশ কেন্দ্রে তিনি সাংবাদিকদের বলেন, "টাইলসের প্রায় পুরো পুরুত্ব জুড়ে খাঁজ সৃষ্টি হয়েছে। মেরামত দরকার কিনা সে বিষয়ে আমার কোন ধারণা নেই।"
শ্যানন জানান, কক্ষপথ ধরে পৃথিবীতে ফিরে আসতে ঝুঁকি আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য কম্পিউটারে এন্ডেভারের ক্ষতিগ্রস্ত টাইলসের মডেল নিয়ে পরীক্ষা চালানো হবে।
বায়ূমণ্ডলে আবার ঢুকলে এনডেভারের ক্ষতিগ্রস্ত অংশে তাপমাত্রা ২৩০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে।
মিশন ব্যবস্থাপনা দলের চেয়ারম্যান জানান, মেরামত করতে হলে নভোচারীদের বলা হবে। তখন তারা আবার মহাকাশে পদচারণার সুযোগ পাবেন।
এন্ডেভার শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছায়। নভোচারীরা শনিবার মূল স্টেশনে একটি নতুন বিম লাগায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24