ইসলামাবাদ, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- যুক্তরাষ্ট্রের মিত্র পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আল-কায়েদা ও তালেবান হামলা মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করতে পাকিস্তান ও আফগান রাজনীতিবিদ এবং উপজাতীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ শান্তি বৈঠকে যোগ দিতে এ সপ্তা শেষেই কাবুল যাবেন বলে আশা করা হচ্ছে।
দেশে কাজ থাকার কথা উল্লেখ করে বৃহস্পতিবার শুরু হওয়া চারদিনব্যাপী যৌথ জির্গা বা সমাবেশে যোগদান করা থেকে বিরত থাকেন মুশাররফ। তার অনুপস্থিতি সমাবেশটির জন্য একটি বড় ধাক্কা। যে সমাবেশ ইতিমধ্যেই বয়কট করেছেন পাকিস্তানের কয়েকজন উপজাতীয় নেতা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর সপ্তাহান্তে অনুষ্ঠিতব্য সমাবেশের সমাপণী অধিবেশনে ভাষণ দিতে রাজি হয়েছেন মুশাররফ।
শুক্রবার রাতে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, "প্রেসিডেন্ট কারজাই বলেছেন, শান্তি বৈঠকে প্রেসিডেন্ট মুশাররফের অংশগ্রহণ জির্গা প্রক্রিয়ার প্রতি সমর্থন ও উৎসাহ যোগাবে।"
বুধবার মুশাররফের কাবুল সফর বাদ দেওয়ার কথা প্রকাশ হওয়ার পর পাকিস্তানজুড়ে জরুরি অবস্থা জারি করা হচ্ছে বলে গুঞ্জন ওঠে। তবে পরে মুশাররফ জরুরি অবস্থা জারির কথা নাকচ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩১ঘ.
bdnews24