গুয়াহাটি, ভারত, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদীরা দুটি পরিবারের ১২ জনকে গুলি করে হত্যা করেছে। আরেকটি বোমা হামলায় এক শিশু নিহত এবং ১৫ জন আহত হয়েছে। ভারতের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনের কয়েকদিন আগে সেখানে নতুন এ সহিংসতার ঘটনা ঘটলো। শনিবার পুলিশ একথা জানিয়েছে।
ভারি অস্ত্রে সজ্জিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা) এর গেরিলারা শুক্রবার রাতে রাজ্যের প্রত্যন্ত ডোলামোরা এলাকার দুই অভিবাসী ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। অস্ত্রধারীরা পরিবারের সদস্যদের টেনে বের করে আনে এবং ঘটনাস্থলেই গুলি করে ১২ জনকে হত্যা করে।
নিহতরা কেউই অসম জাতিগোষ্ঠীর নয়। উলফা অভিযোগ করে আসছে যে এ অভিবাসীরা রাজ্যের সম্পদ লুণ্ঠন এবং সংস্কৃতি বিনষ্ট করছে।
আসামের আদিবাসী জনগণের জন্য একটি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে গেরিলা সংগঠনটি ১৯৭৯ সাল থেকে সশস্ত্র সংগ্রাম করে আসছে।
গেরিলারা কারবি আংলং জেলার জনবহুল এলাকায়ও দুটি বোমা হামলায় চালায়। ওই হামলায় দুই বছর বয়সী একটি শিশু নিহত এবং অপর ১৫ জন আহত হয়।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "উলফাসহ কয়েকটি ছোট আদিবাসী সশস্ত্র সংগঠন এসব হামলার সঙ্গে জড়িত। সংগঠনটি চাচ্ছে স্বাধীনতা দিবসের আগে তাদের উপস্থিতি প্রদর্শন করতে।"
এর আগে গত বুধবার একই এলাকায় একই ধরনের হামলায় চালিয়ে গেরিলারা দুটি শিশু ও তিনজন মহিলাসহ ৮ জন অ-অসমীয়কে হত্যা করে।
প্রতিবছর ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টের প্রাক্কালে আসামের গেরিলারা সাধারণত তাদের তৎপরতা বাড়িয়ে দেয়।
এ বছরের স্বাধীনতা দিবসে তারা রাজ্যে ছয় ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এবং জনগণের প্রতি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বয়কটের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, উলফার সহিংসতায় রাজ্যটিতে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এসকে/১২৪০ ঘ.
bdnews24