পাপিতি, ফ্রান্স, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফরাসী পলিনেশিয়ায় বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ জন নিহত হয়। এছাড়া অপর ৬ যাত্রী নিখোঁজ রয়েছে। ফরাসী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এয়ার মুরিয়ার টুইন ওটার উড়োজাহাজটি মুরিয়া দ্বীপের তেমে বিমানবন্দর থেকে ১৯ যাত্রী ও একজন ক্রুসহ দ্বীপের রাজধানী পাপিতির উদ্দেশ্যে উড্ডয়ন করে।
এর আগের খবরে বলা হয়, উড়োজাহাজটি পাপিতি থেকে আসছিলো।
পুলিশ জানায়, এ পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চালকও আছেন। তবে এখনও জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। যাত্রীদের মধ্যে দুজন ছাড়া আর সবাই ছিল ফ্রান্সের নাগরিক।
এয়ার মুরিয়ার একজন মুখপাত্র জানান, উড়োজাহাজটির ২০ যাত্রীই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উড়োজাহাজটি মূল দ্বীপ তাহিতির উদ্দেশে যাত্রা করার পর ডান দিকে মোড় নেয় এবং স্থানীয় সময় দুপুর ১২ টা ১৫ মিনিটে সাগরে বিধ্বস্ত হয়।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া ভাল ছিল।
এয়ার মুরিয়া এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটি উপকূল থেকে এক কিলোমিটার দূরে সাগরে পড়ে। ওই সময় সেখানে যেসব জেলে মাছ ধরছিল তারা বিমানযাত্রীদের উদ্ধারের চেষ্টা করে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১৮টি দ্বীপের একটি মুরিয়া । আয়তনে এ দ্বীপপুঞ্জ ইউরোপের সমান। ফ্রান্স শাসিত এ দ্বীপপুঞ্জ পলিনেশিয়া নামে পরিচিত।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী মিশেলি আলিয়ত-ম্যারি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ফ্রান্সের বাইরে তাদের নিয়ন্ত্রিত ভূ-খণ্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফ্রান্স সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য ওই অঞ্চল সফর করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ২৩৪৪ ঘ.
bdnews24