মুম্বাই, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ আলী জিন্নাহর মুম্বাইর বাড়িটির মালিকানা পেতে আদালতে আবেদন করেছেন তার কন্যা দিনা ওয়াদিয়া। মঙ্গলবার দিনার আইনজীবী মুম্বাই হাইকোর্টে এ আবেদন করেন। ভারত সরকার ঐতিহাসিক ওই বাড়িকে দক্ষিণ এশীয় শিল্প ও সংস্কৃতি কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করার পর দিনা আদালতের শরণাপন্ন হলেন।
এর আগে ১৯৯০ সালে তিনি বাড়ির স্বত্ব দাবি করেন এবং তার পর থেকে ভারতের সব প্রধানমন্ত্রীর কাছে তিনি এ দাবি জানিয়ে চিঠি দিয়ে আসছেন। সর্বশেষ এ বছরের ফেব্র"য়ারিতে তিনি প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বরাবরও একটি চিঠি দিয়েছেন।
আদালত এ ব্যাপারে সরকারকে দু সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে।
১৯৩০ এর দশকের শেষ দিকে জিন্নাহ ইউরোপীয় ঢংয়ে সাগরমুখী বাংলো বাড়িটি নির্মাণ করেন। এখানেই জিন্নাহ ও ভারতীয় নেতাদের মধ্যে দেশ ভাগ নিয়ে ঐতিহাসিক আলোচনা হয়েছে।
১৯৪৭ সালে দেশ ভাগের সময় জিন্নাহ পাকিস্তানে চলে যান। তবে একজন পারসি ব্যবসায়ীকে বিয়ে করে তার কন্যা দিনা থেকে যান ভারতে। জিন্নাহ এ বিয়েতে রাজি ছিলেন না।
পরে ১৯৮২ সাল পর্যন্ত বাড়িটি ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়। তারপর থেকে বাড়িটি পরিত্যাক্ত।
দিনার আইনজীবী শ্রীকাথ দোইজোড়ে বলেন, "জিন্নাহর একমাত্র কন্যা হওয়ার সুবাদে এ বাড়ির উত্তরাধিকারি তিনি (দিনা)।
প্রায় আড়াই একর জমির ওপর নির্মিত বাড়িটির বর্তমান মূল্য ৪০০ মিলিয়ন ডলার।
আইনজীবী আরও বলেন, "ভারতে এটাই একমাত্র সম্পত্তি যেটা দিনা দাবি করছেন। বর্তমানে এ সম্পত্তি ভারত সরকারের দখলে।
ব্রিটিশ নাগরিক এবং নিউইয়র্কে অবস্থানরত দিনা বাড়িটির মালিকানা দাবি করার আগে পাকিস্তান সরকার সে দেশের কনস্যুলার অফিস করার জন্য সেটা কিনতে অথবা লিজ চেয়েছিল। তবে ভারত সরকার পাকিস্তানকে হ্যাঁ বা না কিছুই বলেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এলকিউ/ ২২১৮ ঘ.
bdnews24