২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার মধ্যেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন গুসমাও

সহিংস পরিস্থিতির মধ্যেই পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিয়েছেন দেশটির স্বাধীনতার নায়ক ও সাবেক প্রেসিডেন্ট সানানা গুসমাও। এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে গুসমাওয়ের নিয়োগের বিরোধিতা করে দেশটির সাবেক ক্ষমতাসীন দল এখনও তাদের প্রভাবাধীন কিছু জেলায় বিক্ষোভ ও সহিংসতা অব্যাহত রেখেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

দিলি, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সহিংস পরিস্থিতির মধ্যেই পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিয়েছেন দেশটির স্বাধীনতার নায়ক ও সাবেক প্রেসিডেন্ট সানানা গুসমাও। এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে গুসমাওয়ের নিয়োগের বিরোধিতা করে দেশটির সাবেক ক্ষমতাসীন দল এখনও তাদের প্রভাবাধীন কিছু জেলায় বিক্ষোভ ও সহিংসতা অব্যাহত রেখেছে । রাজধানী দিলিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেন গুসমাও। সংবিধানের উপর হাত রেখে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় গুসমাও বলেন, "আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে জনগণ, সমৃদ্ধি, স্বাধীনতা ও জাতীয় ঐক্যকে সংহত করার জন্য আইন ও সংবিধান অনুসারে দেশের সেবা করব।" সাবেক এ গেরিলার নতুন মন্ত্রিসভায় উপ প্রধানমন্ত্রী করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রেতিলিন পার্টির নেতা জোসে লুইস গুতেরেসকে। পূর্ব তিমুরের নতুন এ সরকারে ১২ জন মন্ত্রী রয়েছেন। পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সোমবার প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা সাবেক প্রেসিডেন্ট সানানা গুসমাওর নেতৃত্বাধীন জোটকে সরকার গঠনের আহ্বান জানান। হোর্তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে সাবেক ক্ষমতাসীন দল ফ্রেতিলিন পার্টি। দলটি প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে এবং চ্যালেঞ্জ করবে বলে ঘোষণা দিয়েছে। দলের সমর্থকরা সোমবার প্রেসিডেন্টের ঘোষণার পর পরই বিক্ষোভ শুরু করে। পুলিশ জানিয়েছে, বুধবার নতুন করে সহিংসতার সৃষ্টি হয়েছে বাউকাউ জেলায়। তবে আগের দিনের তুলনায় রাজধানী দিলি এবং ভাইকিউকের অবস্থা অনেকটা শান্ত রয়েছে। এর আগে পূর্ব তিমুরে বিতর্কিত নতুন সরকার নিয়োগের একদিন পর মঙ্গলবার সে দেশের বেশ কয়েটি এলাকায় বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৩০ ঘ.