কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নির্মাণ কাজে অংশ নিতে সাত নভোচারীকে নিয়ে বুধবার মহাকাশে পাড়ি দিচ্ছে 'এন্ডেভার'। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩৬ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেওয়ার কথা এন্ডেভারের। সোমবার এন্ডেভার ও তার সাত নভোচারীকে উড্ডয়নের ছাড়পত্র দিয়েছে নাসা। চ্যালেঞ্জার দুর্ঘটনায় ম্যাক আলুফি নিহত হওয়ার পর এবার আরেক শিক্ষক বারবারা মর্গান এন্ডেভারে করে মহাকাশে যাচ্ছেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভাল আবহাওয়াতেই এন্ডেভারের মহাকাশ যাত্রার সুযোগ রয়েছে প্রায় ৭০ ভাগ।
স্পেস সেন্টারের শাটল ম্যানেজার লিরয় কেইন বলেছেন,"আমরা খুবই ভাল অবস্থায় আছি, বুধবারে যাত্রার জন্য পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে।"
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় ১০ দিন অবস্থানের পরিকল্পনা রয়েছে এন্ডেভারের নভোচারীদের। সেখানে চারটি 'স্পেসওয়াকের' কথা রয়েছে তাদের। স্টেশনটিতে একটি নতুন ধাতব অংশ সংযোজন করবেন এবং অন্য একটি অংশকে পুন:স্থাপন করবেন তারা। এবারের এন্ডেভার মিশনের ফলে জাপান ও ইউরোপে তৈরী 'গবেষণাগার দুটি' সেখানে সংযোজনের উপযোগী হয়ে উঠবে স্টেশনটি।
এন্ডেভারের এ যাত্রায় যোগ দিচ্ছেন সাত নভোচারী। পাঁচজন পুরুষ ও দুই নারীর মধ্যে আইডাহোর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বারবারা মর্গান।
চ্যালেঞ্জার দুর্ঘটনায় নভোচারী ক্রিস্টা ম্যাক আলুফি নিহত হওয়ার পর 'মহাকাশে শিক্ষক' ধারণাটিকে আবারও এগিয়ে নেওয়ার জন্য এবার শিক্ষক বারবারা মর্গানকে অভিযানে যুক্ত করা হয়। যদিও আলুফির জন্য যে ধরণের পরিকল্পনা করা হয়েছিল মর্গানের দায়িত্ব তারচেয়ে একেবারেই আলাদা।
পুরোপুরি প্রশিক্ষিত একজন নবোচারী হিসেবে এন্ডেভারের এ মিশনে মর্গানের দায়িত্ব থাকছে মহাকাশ যানটির রোবোটিক হাতটিকে পরিচালনা করা এবং ২,২৬৮ কিলোগ্রাম ওজনের কার্গোটিকে স্থানান্তরের বিষয়টি পর্যবেক্ষণ করা।
নাসার শাটল প্রোগ্রাম ম্যানেজার ওয়েন হ্যাল বলেছেন,"বারবারাকে মহাকাশে ওড়ার জন্য প্রস্তুত থাকতে দেখে খুবই ভাল লাগছে।"
"কক্ষপথে তার এই দিনটির জন্য তিনি অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন।"
১৯৮৬ সালের ২৮ জানুয়ারি চ্যালেঞ্জারের উড্ডয়নের মাত্র ৭৩ সেকেন্ড পরই ফুয়েল ট্যাংকার বিস্ফোরণে আলুফিসহ নভোযানটির সাত নভোচারীই নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮১২ ঘ.
bdnews24