নয়াদিল্লি, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বলিউড তারকা সঞ্জয় দত্ত তার ৬ বছর কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সুপ্রীম কোর্টে আবেদন করেছেন এবং বেইল চেয়েছেন। আইনি বিশেষজ্ঞরা বলছেন, আদালতে এই আবেদনের শুনানি হতে এখনও অনেক সময় লেগে যেতে পারে। তবে ভারতে সাধারণত সেলিব্রেটিদের কোনো মামলায় খুব দ্রুত অগ্রগতি হয়।
মুম্বাই বোমা হামলায় জড়িতদের কাছ থেকে অবৈধভাবে অস্ত্র কেনার অভিযোগে ৬ বছর কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় দত্ত কারাজীবন শুরু করেছেন গত সপ্তাহ থেকে পশ্চিম ভারতের একটি জেলে। এই সাজা অত্যন্ত কঠোর হওয়ায় তাকে পরিশ্রম করতে হবে। করতে হবে রান্নাবান্না, হাতের কাজ সহ নানা রকম কঠিন পরিশ্রম।
বলিউড তারকা হিসাবে কোনো আলাদা সম্মান বা খাতির সঞ্জয় পাবেন না। জেলের অন্য সব বন্দিদের মতোই তার সঙ্গে একই আচরণ করা হবে--একথা আগেই জানানো হয়েছে।
মঙ্গলবার সঞ্জয়ের আইনজীবী সতিশ মানেসিন্দে বলেন, "সঞ্জয় দত্তের জন্য বেইল চেয়ে আমরা একটি আবেদন দাখিল করেছি। আমরা তার কারাদণ্ডের রায়কেও চ্যালেঞ্জ করছি।"
উল্লেখ্য, সঞ্জয় দত্তের কারাদণ্ডের রায়ে ভারতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রায়ের প্রশংসা করেছে। আবার কেউ এই রায় অত্যন্ত কঠোর বলে মন্তব্য করেছে। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি সঞ্জয়ের পাশেই দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়। সঞ্জয় দত্তকে হামলার ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে অবৈধভাবে একটি রাইফেল ও একটি পিস্তল কেনার অভিযোগ প্রমাণিত হয়।
বিচারক প্রমোদ কোড়ে তার রায়ে বলেন, " যে অপরাধে ৫ থেকে ১০ বছর সাজা হয় সেটা কোনভাবে ছোটখাটো অপরাধ বা কম ভয়ঙ্কর অপরাধ হতে পারে না।" এই মামলায় ১০০ জনকে অভিযুক্ত করা হয়। সঞ্জয় দত্তসহ এ পর্যন্ত ৯৭ জনের বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সঞ্জয় দত্তের আইনজীবী আদালতকে বলেন, জামিনে থাকাকালে তার মক্কেল ভাল আচরণ করেছে। ফলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু আদালত তার আবেদন নাকচ করে দেয়।
সঞ্জয় দত্ত ভারতের কিংবন্তি তারকাজুটি সুনীল দত্ত ও নার্গিসের ছেলে। ১৯৯৫ সালে জামিনে মুক্তি পাওয়ার আগে মামলার প্রাথমিক তদন্তের সময় তিনি একবছর জেলহাজতে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৫৫৬ ঘ.
bdnews24