রামাল্লা, পশ্চিমতীর, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান হবে খুব শিগগিরই। সোমবার পশ্চিম তীরের জেরিকোতে ওলমার্টের সঙ্গে বৈঠকের পর এ সম্পর্কে প্রথমবারের মতো এই আশার কথা শোনান আব্বাস। মঙ্গলবার 'ভয়েস অফ প্যালেস্টাইন' বেতারে দেওয়া সাক্ষৎকারে তিনি একথা বলেন।
আব্বাস বলেন, "ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনকে বাধাগ্রস্ত করে এমন অনেক সমস্যার সমাধান খুব শিগগিরই হবে। "
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের যাতায়াতকে বাধা সৃষ্টি করে এমন বেশ কিছু চেকপয়েন্ট সরিয়ে নেওয়া সম্পর্কে নিশ্চয়তা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের শ' শ' চেকপয়েন্ট ও ব্যরিকেড রয়েছে। উল্লেখ্য, এর আগেও ইসরায়েলের কাছ খেকে এমন প্রতিশ্র"তি থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেনি তারা।
এদিকে, সড়ক অবরোধ তুলে নেওয়া এবং চেকপয়েন্ট প্রত্যাহরের পাশাপাশি আরও বেশি করে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট আব্বাস। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী সে বিষয়ে কোনো প্রতিশ্রতি দেননি।
এ বিষয়ে আব্বাস বলেছেন "আরও দুয়েকটি বৈঠকের পর আমরা ফলাফল মূল্যায়ন করতে পারবো।"
এদিকে, ২০০০ সালের পর এ প্রথমবারের মতো কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী পশ্চিম তীরের শহরে এসে বৈঠক করলেও এ 'জেরিকো বৈঠকে' দুপক্ষের বিরোধ মীমাংসা এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ 'মূল ইস্যুগুলো' নিয়ে তেমন কোনো অগ্রগতির কথা জানাতে পারেননি কর্মকর্তারা।
তবে আলোচনার 'মৌলিক' ইস্যু বলতে কি বোঝায় এবং ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্ত, জেরুজালেমের ভবিষ্যত এবং শরণার্থীদের দেশে ফেরাসহ চূড়ান্ত মর্যাদা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে দুই নেতা কথা বলছেন কিনা তা নিয়ে বিরোধ দেখা যায় ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে।
এর আগে ইসরায়েল থেকে পশ্চিমতীরে ঢুকতে শেষ তল্লাশি চৌকি থেকে আধা মাইল দুরে জেরিকোর একটি পর্যটন হোটেলে কড়া নিরাপত্তার মধ্যে সোমবার ওলমার্ট ও আব্বাস বৈঠক করেন।
বৈঠকের আগে ওলমার্ট বলেন, "ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার অমীমাংসিত মূল ইস্যুগুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনার জন্য আমি জেরিকো শহরে এসেছি। আমি আশা করি এ আলোচনা আমাদেরকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমঝোতার দিকে নিয়ে যাবে।" এ সময় মাহমুদ আব্বাস তার পাশেই ছিলেন।
এ বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন সমর্থিত সম্ভাব্য আঞ্চলিক সম্মেলনের আগে দুই নেতা এ বৈঠকে বসলেন।
তবে সাবেক হামাস সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া জেরিকো বৈঠককে জনসংযোগের একটি অপ্রয়োজনীয় কৌশল হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ বৈঠক থেকে কিছুই অর্জিত হবে না।
হামাস যোদ্ধারা জুনে গাজা থেকে মাহমুদ আব্বাসের ফাতাহকে উৎখাত করার পর তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সরকারকে বরখাস্ত করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪৫ ঘ.
bdnews24