ওয়াশিংটন, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাককে দেওয়া এক লাখ ৯০ হাজার একে-৪৭ রাইফেল ও পিস্তলের হিসাব মেলাতে পারছে না পেন্টাগন। ২০০৪ এবং ২০০৫ সালে ইরাকের নিরাপত্তা বাহিনীকে এসব অস্ত্র দেওয়া হয়েছিলো। এ ছাড়া এ সব অস্ত্রের অর্ধেকই ইরাকি সেনা ও পুলিশ বাহিনী পেয়েছে কিনা পেন্টাগন জানে না।
মার্কিন সরকারের একটি রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন কংগ্রেসের তদন্ত শাখা গভর্নমেন্ট একাউন্ট্যাবিলিটি অফিস (জিএও) তাদের ৩১ জুলাইয়ের এক রিপোর্টে জানায়, প্রতিরক্ষা দপ্তরও এক লাখ ৩৫ হাজার যুদ্ধ পোশাক এবং এক লাখ ১৫ হাজার হ্যালমেটের হিসাবে মেলাতে পারছেনা। ২০০৫ সালের ২২ সেপ্টেম্বর ইরাকি বাহিনীর জন্য এ গুলো বরাদ্দ করা হয়েছিলো।
জিএও জানায়, পেন্টাগন তাদের এ তদন্তের ফলাফলের সঙ্গে একমত পোষণ করেছে এবং ইরাকি বাহিনীর প্রশিক্ষণ ও তাদেরকে অস্ত্রে সজ্জিত করার কর্মসূচির পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যালোচনা শুরু করেছে।
জিএওর প্রতিবেদনে বলা হয়, " আমাদের ২০০৭ সালের হিসাবে নিকাশের এ পর্যালোচনায় ধারাবাহিক সমস্যা পাওয়া গেছে। এর মধ্যে হিসাবে না থাকা এবং অসম্পূর্ণ নথিপত্রও রয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৪২৫ ঘ.
bdnews24