২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মিদের সঙ্গে প্রথমবারের মতো দ কোরিয়ার যোগাযোগ

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হাতে আটক হওয়া জিম্মি দলটির সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করতে পেরেছে দক্ষিণ কোরিয়া। জীবিত ২১ দক্ষিণ কোরীয় জিম্মির মধ্যে একজনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কর্মকর্তারা। তবে তাদের মুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। সোমবার সিউলে একজন উর্ধ্বতন কর্মকর্তা একথা জানান। এদিকে, জিম্মিদের জন্য রোববার ওষুধ সরবরাহ করতে পেরেছেন আফগান চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 07:22 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সউল, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হাতে আটক হওয়া জিম্মি দলটির সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করতে পেরেছে দক্ষিণ কোরিয়া। জীবিত ২১ দক্ষিণ কোরীয় জিম্মির মধ্যে একজনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কর্মকর্তারা। তবে তাদের মুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। সোমবার সিউলে একজন উর্ধ্বতন কর্মকর্তা একথা জানান। এদিকে, জিম্মিদের জন্য রোববার ওষুধ সরবরাহ করতে পেরেছেন আফগান চিকিৎসকরা। নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা বলেন, "শনিবার বিকেলে একজন জিম্মির সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে।" একইসঙ্গে তিনি অপহৃতদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তালেবান জঙ্গিরা তাদের কাছে আটক দুই দক্ষিণ কোরীয় জিম্মিকে ইতিমধ্যে হত্যা করেছে। পাশপাশি হুমকি দিয়ে আসছে যে আফগান সরকার কারাগারে আটক তালেবান গেরিলাদের মুক্তি দিতে ব্যর্থ হলে অবশিষ্ট ২১ জিম্মিকেও হত্যা করবে তারা। বার্তাসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, তারা আফগানিস্তানের একটি সূত্রের মাধ্যমে রোববার বিকেল নাগাদ দুই নারী জিম্মির সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। টেলিফোনে হওয়া সে যোগাযোগের বিস্তারিত জানিয়েছেন তারা। ইয়নহ্যাপ জানায়, এক জিম্মি তাদের জানান, জিম্মিদেরকে কয়েকটি ভাগে আলাদাভাবে রাখা হয়েছে এবং তাদের দুজন মারাত্মকভাবে অসুস্থ। অপর জিম্মি বলেন, "আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। আমরা বাড়ি যেতে চাই। তালেবানরা আমাদের দিকে বন্দুক তাক করে আছে এবং হুমকি দিচ্ছে আমাদেরকে হত্যা করার। যদি কোরিয়া সরকার তাদের দাবি না মানে।" কারাগারে আটক তালেবান জঙ্গিদেরকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে কাবুল। কারণ হিসাবে কাবুল বলেছে, তাদেরকে ছেড়ে দিলে তা শুধু উৎসাহ যোগাবে আরও আরও অপহরণের। অপহৃত দক্ষিণ কোরীয়দের ওষুধ সরবরাহ সম্পর্কে আফগানিস্তানের একটি প্রাইভেট ক্লিনিকের প্রধান জানান, জঙ্গিদের নির্দেশনা মোতাবেক তার দল ১২শ' মার্কিন ডলারের বেশি মূল্যের এন্টিবায়োটিক, পেইন কিলার ও ভিটামিন ট্যাবলেট এবং হৃদরোগের ঔষধ গজনী প্রদেশের কারাবাগ জেলার এক মরু এলাকায় পৌঁছে দিয়েছে। তিনি বলেন, "এটা ছিল বিশাল ঝুঁকি। তবু মানবিক কারণে আমাদেরকে ঝুঁকি নিতে হয়েছে।" আফগানিস্তানে অপহৃত নাগরিকদের মুক্ত করতে প্রচণ্ড অভ্যন্তরীণ চাপে রয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। সিউল জঙ্গিদেরকে বলেছে, তাদের করণীয় সীমিত। কারণ আফগানিস্তানের কারাগার থেকে জঙ্গিদের মুক্ত করার কোনো ক্ষমতা নেই তাদের। এদিকে, গজনি প্রদেশের যে এলাকা থেকে তারা অপহৃত হয়েছিলেন সেখানে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। তারা অপহরণকারীদের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা করার চেষ্টা করছে। কিন্তু কোথায় তাদের সাক্ষাৎ হবে সে বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। জিম্মি অচলবস্থা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের মধ্যকার বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্প ডেভিডে সোমবার রাতে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সমস্যাটি সমাধানে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কয়েকজন রাজনীতিক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩১০ ঘ.