ফ্লোরিডা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব গবেষণার উদ্দেশ্যে নাসার রকেট ফিনিক্স শনিবার মহাশূণ্যে উড়েছে।
শনিবার ভোরের আলো ফোটার আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ফিনিক্স যাত্রা শুরু করে। তার অভিযান স্থায়ী হবে নয়মাস।
মঙ্গলে যেতে হলে ফিনিক্সকে পাড়ি দিতে হবে ৪২ কোটি ২০ লাখ মাইল। ২০০৮ সালের ২৫ মে এ রকেটের মঙ্গলে অবতরণ করার কথা।
রকেটটিকে মঙ্গলের আর্কটিক সার্কেলের মধ্যে অবতরণ করানোর লক্ষ্য স্থির করা হয়েছে। এটির সফলতা মানে বৈজ্ঞানিক গবেষণায় এক নতুন মাত্রা সংযোজন।
ফিনিক্সের সঙ্গে যাওয়া কয়েকটি বুদ্ধিমান রোবট মঙ্গলের মাটির নিচে পানি ও জৈব পদার্থের সন্ধান করবে। এ জন্য গর্ত করে মাটির নমুনা নিয়ে তার রাসায়নিক বিশ্লেষণ করবে। জটিল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এসব বিশ্লেষণ করতে হবে।
ধারণা করা হচ্ছে, সাড়ে সাত ফুট গভীর গর্ত করতে পারলে এসব জৈব পদার্থের আলামত মিলতে পারে। এই অঞ্চলের মাটিতে ৫০ থেকে ৭০ শতাংশ পানি কিংবা জৈব পদার্থের অস্তিত্বের সন্ধান পাওয়া যাবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
নাসার বিজ্ঞানী আরিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার স্মিথ জানান, মঙ্গলে যদি অণুজীবের অস্তিত্ব প্রমাণিত হয় তাহলে পানির অস্তিত্বও নিশ্চিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/
bdnews24