আরুশা, তানজানিয়া, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স)--- দারফুরের বিদ্রোহী গ্র"পগুলোর নেতারা শনিবার তানজানিয়ায় ঐক্য আলোচনা শুরু করেছেন। সুদান সরকারের সঙ্গে শান্তি আলোচনার আগে তারা নিজেরা দরকষাকষি করার মত একটি অবস্থানে পৌঁছাতে সক্ষম হবেন।
তানজানিয়ার পর্যটন শহর আরুশায় আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও জাতিসংঘ সমর্থিত এ বৈঠকে যোগ দিয়েছেন প্রায় এক ডজন বিদ্রোহী নেতা। তবে প্রধান বিদ্রোহী গ্র"পের নেতারা আলোচনায় যোগ দেননি। রোববার পর্যন্ত বৈঠক চলবে।
সুদান সরকারের সঙ্গে আলোচনার তারিখ ও স্থান নির্ধারণের ব্যাপারে এইউ ও জাতিসংঘ আশাবাদী।
সুদানে জাতিসংঘের প্রতিনিধি জ্যান ইলিয়াসন জানান, বিদ্রোহী নেতাদের এ আলোচনার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে খাতুর্মের সঙ্গে তাদের একটি শান্তি আলোচনা হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
গত মঙ্গলবার জাতিসংঘে দারফুর সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর বিদ্রোহী নেতাদের মধ্যে আলোচনার বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। জাতিসংঘের ওই প্রস্তাব অনুযায়ী দারফুরে আরও ২৬ হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হবে।
জাতিসংঘের মহাসচিব বান কি-মুন দারফুরে শান্তি প্রতিষ্ঠায় আগামী সপ্তাহ ও মাসগুলোকে খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৪০৭ ঘ.
bdnews24