গোহাটি, ভারত, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ এশিয়ায় প্রায় সাড়ে ৩ কোটি মানুষ বন্যাকবলিত। এক কোটি মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি হারিয়েছে। বন্যায় ভারতের আসাম ও বিহারে ৮৫ জন মারা গেছে। এছাড়া নেপালে ভূমিধস ও বন্যায় ৮১ জন প্রাণ হারিয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় ৩০ লাখ মানুষ হয় আশ্রয়হীন না হয় পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার্তদের ত্রাণ এবং তাদেরকে চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্য ও ত্রাণকর্মীরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।
বিহারের সামাস্তিপুর গ্রামের বাসিন্দা মেঘু যাদব বলেন, "আমাদের পরিবারের কয়েক দিন মহিষের দুধ খেয়েই জীবনধারণ করেছি। কিন্তু অবস্থা এখন বেগতিক। কারণ কয়েক দিন হলো মহিষগুলোও খাবার পাচ্ছে না। ফলে তাদের দুধও বন্ধ হয়ে গেছে।"
এ রাজ্যে এক কোটি মানুষ বন্যাকবলিত। সেখানে পুলিশের সঙ্গে বন্যার্তদের সংঘর্ষে একজন নিহত এবং ২০ আহত হওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে রাজ্যের মধুবনি এলাকায় একটি গ্রামের বন্যার পানি অপসারণে গর্ত খোঁড়ার জন্য পুলিশ রেল লাইনে আশ্রয় নেওয়া লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা স্থান ত্যাগ করতে অস্বীকার করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ গুলি চালালে একজন গ্রামবাসী নিহত হয়।
আসামের বন্যা উপদ্রুত এলাকার হাসপাতালগুলোতে জায়গা নেই। বেশির ভাগ রোগীই ডায়রিয়া, জ্বর ও আমাশয় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে।
রাজ্যের কর্মকর্তা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। শুক্রবার ইউনিসেফ বলেছে, দুর্যোগের মাত্রা এতটাই ভয়ঙ্কর যে সাহায্যকর্মীদের জন্য এটা "নজিরবিহীন চ্যালেঞ্জ" হয়ে দাঁড়িয়েছে।
ভারতের স্বেচ্ছাসেবক সংস্থার একজন কর্মী গোহাটিতে রয়টার্সকে বলেন, বন্যার্তরা নিজেদের ব্যবস্থায় এখনও টিকে আছে।
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে প্রায় ৪১টি বন্যাকবলিত।
কয়েক সপ্তাহের বৃষ্টিতে নেপালের পশ্চিম ও পূর্বাঞ্চলে ব্যাপক ভূমিধস ও বন্যা হয়েছে। জাতিসংঘ নেপাল সরকারের পরিসংখ্যান উল্লেখ্য করে জানায়, ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ৮৪ জন প্রাণ হারিয়েছে। প্রায় ৩ লাখ মানুষ বন্যাকবলিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24