বেইজিং, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনের সিচুয়ান প্রদেশে 'জীবিত বুদ্ধের' পুনর্জন্মকে বেআইনি ও বাতিল ঘোষণা করেছে চীন সরকার। তিব্বতের নির্বাসিত বৌদ্ধ ধর্মী নেতা দালাইলামার অনুগত হিসাবে বিবেচিত প্রদেশের একটি এলাকায় সরকারের নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে।
চীনের স্টেট অ্যাডমিনিস্ট্র্যাশন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স ওয়েব সাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, নির্বাসিত বৌদ্ধ ধর্মীয় নেতাকে ফিরে আসার আহ্বান জানাতে শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জাতিগত তিব্বতীদের একটি এলাকায় সনাতন উৎসব ব্যবহার করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়, সিচুয়ানের লিতাঙ শহরে দালাইলামার প্রত্যাবর্তন এবং আরও বেশি ধর্মী স্বাধীনতার দাবিতে এক বিক্ষোভের পর বেশ কিছু লোককে গ্রেফতার করা হয়েছে।
তবে লিতাঙের একজন সরকারি কর্মকর্তা জানান, বিক্ষোভের কোন খবর তিনি জানেন না। এ ব্যাপারে আর কিছু বলতেও অস্বীকার করেছেন তিনি।
ওয়েব সাইটে বিবৃতির সঙ্গে একটি বিধান জারির খবরও দেওয়া হয়েছে। এতে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে বিধিটি কার্যকর হবে। বুদ্ধের পুনর্জন্মের যাবতীয় ব্যবস্থাপনা এ বিধি অনুযায়ী হবে।
ওই বিধিতে বলা হয়, পুনর্জন্ম অনুষ্ঠানের জন্য যে মঠ আবেদন করবে সেটিকে অবশ্যই তিব্বতী বৌদ্ধদের ধর্মীয় কর্মকাণ্ডের জন্য নিবন্ধিত হতে হবে। পাশাপাশি জীবিত বুদ্ধকে যথাযথভাবে সহায়তা দেওয়ার সামর্থ থাকতে হবে ওই মঠের।
এতে আরও বলা হয়, তিব্বতী নাগরিকদের ধর্মী স্বাধীনতা নিশ্চিত করতে এবং প্রথা অনুসারে বুদ্ধের উত্তরাধিকার নির্বাচনের প্রতি সম্মান জানাতে এ বিধি জারি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24