নম পেন, আগস্ট ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্যাম্বোডিয়ায় খেমাররুজদের বন্দিশিবিরগুলোতে যাদের নির্দেশে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল ওইসব বর্বর অপরাধীদের মাত্র কয়েকজনকেই বিচারের আওতায় আনা গেছে। মঙ্গলবার এরকমই এক খেমাররুজ কমান্ডার দাচ ওরফে 'কাং কেক ইউ' এর বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাকে আটক করেছে ক্যাম্বোডিয়া ও জাতিসংঘের যৌথ ট্রাইবুনাল । কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদেরকে শুধু কারাদণ্ড দেওয়াকে যথেষ্ট মনে করেন না নিপীড়নের দুসঃহ স্মৃতি নিয়ে বেঁচে থাকা সেসময়ের মানুষেরা। নিপীড়িতদের দাবি, জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে খেমাররুজ অপরাধীদের।
খেমাররুজদের বন্দিশিবিরে নির্যাতন ভোগের পরও প্রাণে বেঁচে গেছেন এবং এখনও জীবিত আছেন এমন ভাগ্যবানদের একজন ৭৭ বছর বয়সী চাম মান। শারীরিকভাবে ভেঙ্গে পড়লেও অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে চাম জানালেন আদালতে ওই নরপশুদের মোকাবেলা করতে চান তিনি। কেন তখন তাদের ওপর ওই নির্যাতন চালানো হয়েছিল স্পষ্টভাবে ওই সত্য জানতে চান তিনি । আর সর্বোপরি তিনি মনে করেন যে শুধু কারাদণ্ডের শাস্তি দিয়ে তাদের ছেড়ে দেওয়া যায় না, জনগণের সামনে হাজির করে তাদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার ব্যবস্থা করা উচিৎ।
নম পেনের কুখ্যাত তউল স্লেং কিংবা এস -২১ নির্যাতন কেন্দ্রের প্রধান ছিলেন দাচ ওরফে কাং কেক ইউ। পল পটের নেতৃত্বাধীন ১৯৭৫ -৭৯ সালের অতি - মাওবাদী খেমাররুজদের তথাকথিত 'ইয়ার জিরো' বিপ্লবের সময়ে 'কিলিং ফিল্ড' বা 'মৃত্যুকূপ' হিসেবে পরিচিত নির্যাতন কেন্দ্র এবং সেসময়ের নির্যাতনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ১৭ লাখ ক্যাম্বোডীয়র মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারে গঠিত জাতিসংঘ - ক্যাম্বোডিয়া যৌথ কমিশন মঙ্গলবার কাং কেক ইউ - কে আটক এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে।
পল পটের দলে যোগ দেওয়া সাবেক স্কুল শিক্ষক দাচ একসময় খিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ৬৫ বছর বয়সী দাচই জাতিসংঘের এ যৌথ ট্রাইবুনালে বিচারের আওতায় আনা প্রথম খেমাররুজ কমান্ডার। ২০ শতকের অন্যতম ওই জঘণ্য গণহত্যায় নারকীয় নির্যাতন চালানোর জন্য প্রত্যক্ষভাবে দায়ী মনে করা হয় তাকে।
নম পেনের একটি উচ্চ বিদ্যালয়কে সবচেয়ে বড় নির্যাতন কেন্দ্রে পরিণত করেন দাচ। তউল স্লেং নামে খ্যাত কাঁটাতারের বেড়া ওই নিপীড়ন কেন্দ্রে সব মিলিয়ে প্রায় ১৪,০০০ মানুষের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। কেবলমাত্র ১০/১২ জন ভাগ্যবান ব্যক্তিই কয়েকবছর ধরে চালানো ওই নির্যাতন যজ্ঞ পেরিয়ে সেখান থেকে জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছিল।
তউল স্লেং নির্যাতন কেন্দ্রের স্মৃতিচারণ করে চাম মান বলেন," একজন বৌদ্ধ হিসেবে সহিংসতার প্রতিশোধ নিতে আরও সহিংসতা চাই না আমি।"
"কিন্তু সে যা করেছে তার জন্য প্রকাশ্য ক্ষমা প্রার্থনা শুনতে চাই আমি। সে হল তাদেরই একজন যারা আমাদের ওপর নির্যাতন চালানোর জন্য কারারক্ষীদের নির্দেশ দিয়েছিল। আমি তার বিচারের সময় আদালতে হাজির হয়ে তাকে জিজ্ঞাসা করতে চাই যে কেন তখন আমাদেরকে ওইরকম নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল।"
ক্যাম্বোডিয়ার মোট এককোটি তিরিশ লাখ মানুষের মধ্যে প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো আত্মীয় খেমাররুজদের হাতে নির্যাতিত হয়েছিলেন। আর তখন এমন অবস্থা হয়েছিল যে খেমাররুজদের সহায়তা করা ছাড়া অনেকের বেঁচে থাকার অন্য কোনো উপায় ছিল না। তা সত্ত্বেও অনেক ক্যাম্বোডীয়ই মনে করেন এসব বিচারের মধ্য দিয়ে পুরনো অতীতকে আবারও সামনে টেনে আনা হচ্ছে।
খেমাররুজদের নির্যাতনে তার তার ছয় আত্মীয়কে হারানো মে রন বলেন,"দীর্ঘ সময়ের ব্যবধানে খেমাররুজদের প্রতি আমার ক্ষোভ ক্রমান্বয়ে প্রশমিত হয়ে গেছে।"
তিনি বলেন,"অতীতকে অতীতেই থাকতে দেওয়া উচিৎ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩০ ঘ.
bdnews24