২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে সেনা মোতায়েনে জাতিসংঘে মতৈক্য, ভোট শিগগিরিই

সুদানের গোলযোগপূর্ণ দারফুর প্রদেশে প্রায় ২৬,০০০ সেনা ও পুলিশ মোতায়েনে বৃহত্তর ঐকমত্যে পৌঁছেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ব্রিটেন ও ফ্রান্সের খসড়া প্রস্তাবের ওপর এ সপ্তাহেই ভোট গ্রহণ করা হতে পারে বলেও জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জাতিসংঘ, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুদানের গোলযোগপূর্ণ দারফুর প্রদেশে প্রায় ২৬,০০০ সেনা ও পুলিশ মোতায়েনে বৃহত্তর ঐকমত্যে পৌঁছেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ব্রিটেন ও ফ্রান্সের খসড়া প্রস্তাবের ওপর এ সপ্তাহেই ভোট গ্রহণ করা হতে পারে বলেও জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। দারফুরে সহিংসতা কমাতে এ প্রকল্পের প্রথম এক বছরের ব্যয় ধরা হয়েছে প্রায় দুইশ কোটি মার্কিন ডলার। গত চার বছরে ওই অঞ্চলে প্রায় ২ লাখ মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। চতুর্থবারের মতো সংশোধিত ব্রিটেন - ফ্রান্সের যৌথ খসড়া প্রস্তাবটি সোমবার নিরাপত্তা পরিষদের ১৫ টি সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে। জাতিসংঘ সনদের 'সপ্তম অধ্যায়' অনুসারে বলপ্রয়োগের বিধানের আওতায় সেখানে প্রায় ২০,০০০ সেনা এবং প্রায় ৬,০০০ অসামরিক উন্নয়ন ও পর্যবেক্ষণ কর্মী পাঠানোর কথা বলা হয়েছে প্রস্তাবটিতে। মঙ্গলবার কিংবা বুধবার এ প্রস্তাবটির ওপর ভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানান জাতিসংঘ সংশ্লিষ্ট কূটনীতিকরা। প্রস্তাবটির জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের আওতায় গৃহীত অংশে বলা হয়েছে, জাতিসংঘ (ইউএন) ও আফ্রিকান ইউনিয়ন (এইউ) এর সেনা মোতায়েনের মাধ্যমে সহিংসতা বিধ্বস্ত অঞ্চলটিতে মানবাধিকার ও উন্নয়ন কর্মীদের অবাধ যাতায়াত এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সপ্তম অধ্যায় কিংবা বলপ্রয়োগ নিয়ে দ্বিধান্বিত জাতিসংঘে চীনা রাষ্ট্রদূত ওয়াং গুয়াংগায়া বলেছেন বর্তমান অবস্থায় এ বিধানের প্রয়োগ দরকার। তবে তিনি বলেছেন,"এটা কোথায় প্রয়োগ করা হচ্ছে সে বিষয়ে আমাদেরকে অবশ্যই সুনির্দিষ্ট ও স্পষ্ট হতে হবে।" তিনি আরও জানান, নতুন খসড়া প্রস্তাবটি সাধারণভাবে মেনে নিয়েছে বেইজিং। দারফুর নিয়ে এ প্রস্তাবের উদ্যোক্তা ব্রিটেন ও ফ্রান্স সুদানি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে খসড়া প্রস্তাবটি ব্যাখ্যা করেছেন এবং সুদান সরকারের সম্মতি আদায়ের চেষ্টা করেছেন বলে জানা গেছে। প্রস্তাব অনুসারে দারফুরে জাতিসংঘ মিষনের নাম হবে 'ইউনামিড' (ইউনাইটেড নেশন্স - আফ্রিকান ইউনিয়ন মিশন ইন দারফুর)। হালকা অস্ত্রসজ্জিত এবং তহবিল সংকটে পীড়িত বর্তমানে দারফুরে থাকা ৭,০০০ আফ্রিকান ইউনিয়ন সেনাকে 'ইউনামিড' এর অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০০ ঘ.