২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধপরাধের জন্য জাপানকে ক্ষমা চাওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

২য় বিশ্বযুদ্বে হাজার হাজার নারীকে যৌনদাসত্বে বাধ্য করার জন্য জাপানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সদস্যরা। মার্কিন প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যেই পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 09:39 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ওয়াশিংটন, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---২য় বিশ্বযুদ্বে হাজার হাজার নারীকে যৌনদাসত্বে বাধ্য করার জন্য জাপানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সদস্যরা। মার্কিন প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যেই পাস হয়েছে। জাপানের সেনাবাহিনী ব্রদেল কর্মসূচির অংশ হিসাবে প্রায় ২ লাখ নারীকে যৌনদাসী বানিয়েছে। জাপানের একজন মুখপাত্র বলেন, তারা এ ব্যাপারে যথেষ্ট অনুশোচনা দেখিয়েছেন। তারপরও ক্ষমা চাওয়া দাবিতে প্রস্তাব পাসের ঘটনাকে তিনি দু:খজনক আখ্যা দেন। জাপানের মন্ত্রীসভার মুখপাত্র ইয়াশুহিসা শিওজাকি এক সংবাদ সম্মেলনে বলেন, তারা যথেষ্ট আন্তরিকভাবে ইসুটি সামাল দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র সফরকালে এ ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এশিয়ায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্রদেশগুলোর অন্যতম জাপানকে প্রস্তাবনায় আনুষ্ঠানিকভাবে অপরাধ স্বীকার করে নিয়ে ক্ষমা চাইতে বলার পাশাপাশি এ ঘটনার ঐতিহাসিক দায়-দায়িত্ব স্পষ্টভাবে মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই মাসের শুরুর দিকে জাপানের একদল পার্লামেন্ট সদস্য যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি বাতিলের দাবি জানায়। তারা প্রস্তাবটি ভুল তথ্যে ভরা বলে অভিযোগ করে । উল্লেখ্য, ১৯৯৩ সালে জাপান সরকার সরকারিভাবে ইসুটির ব্যাপারে ক্ষমা চেয়েছিল। কিন্তু পার্লামেন্টে এটি কখনও অনুমোদন পায়নি এবং জাপানও ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে এসেছে। বিষয়টি চুক্তির মধ্য দিয়েই নিষ্পত্তি হয়েছে বলে তারা দাবি করে। শিনজো আবে মার্চে জাপানের বিরুদ্ধে ওই অপরাধের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই বলার পর এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অবশ্য পরে তিনি এ ব্যাপারে সহানুভূতি জানিয়ে ক্ষমা চেয়েছিলেন । এখন পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে আবের পরাজয়ের এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র আবারও জাপানের কাছ থেকে এই ক্ষমার দাবি তুলল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/১৫৩৩ঘ.