বেইজিং, জুলাই ২৯ (বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের হুবেই প্রদেশে শনিবার শক্তিশালী ঝড়ে ১৬ জন নিহত এবং প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। লাগাতার বৃষ্টি, বন্যা ও ভূমিধসের মধ্যে এ মারাত্মক ঝড়ের কারণে নতুন করে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ গৃহহীন হন। বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।
হুবেই প্রদেশের রাজধানী ওয়াহানের হুয়াংপো এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এ ঝড়ে। সেখানে ৭ জন নিহত এবং ২২৩ জন আহত হন। অত্যধিক বৃষ্টিতে হুবেইয়ের ইয়ংজি নদীর পানি মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় ওই এলাকার আরও ১,৬০০ মানুষ নতুন করে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হন।
কয়েকসপ্তাহের লাগাতার বৃষ্টিতে চীনের সবচেয়ে বড় নদী ইয়ংজিতে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে প্রাদেশিক রাজধানী ওয়াহান মারাত্মক ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছে সিনহুয়া।
স্থানীয় প্রশাসন হাজার হাজার মানুষকে হান নদীর শহর রক্ষা বাঁধের অবস্থা পর্যবেক্ষণ ও দুর্বল স্থানগুলো মেরামতের জন্য উদ্বুদ্ধ করেছে। হান নদীটি ইয়ংজির একটি বড় উপনদী।
এদিকে পূর্ব চীনের হুয়াই নদীর পানি এখনও বিপদ সীমার ওপরে থাকলেও ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং আশপাশের গ্রামগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে।
কিন্তু সিচুয়ান ও সাংঝি প্রদেশে আগামী দিনগুলোতে আরও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে এবং সেখানে ভূমিধসসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪০ ঘ.
bdnews24