সিডনি, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনে ব্যর্থ বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে অস্ট্রেলিয়ায় আটক ভারতীয় চিকিৎসক মুক্তি পেয়েছেন। মোহাম্মদ হানিফ নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করায় তিনি মুক্তি পান।
অভিবাসন কর্মকর্তাদের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর শনিবার রাতে ভারতের উদ্দেশ্যে তার অস্ট্রেলিয়া ত্যাগ করার কথা। তার আইনজীবী এ কথা জানিয়েছেন।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ হানিফের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ করে দিলে শুক্রবার তিনি মুক্তি পান। কর্তৃপক্ষ জানায়, ব্রিটেনে ব্যর্থ বোমা হামলার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মামলা খারিজ করা হয়েছে।
অভিবাসন বিষয়ক মন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ জানান, ২৭ বছর বয়সী হানিফকে অস্ট্রেলিয়া থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সরকার তার কাজ করার ভিসা আর ফিরিয়ে দিবে না।
হানিফের আইনজীবী স্টিফেন কেইম রয়টার্সকে বলেন, "আমরা বিস্মিত। যে লোকটিকে কোন অভিযোগ ছাড়াই এক মাস আটক রাখা হলে এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি কিভাবে তার সুনাম ফিরে পাবেন আমরা বুঝি না।"
তিনি জানান, শনিবার রাতে হানিফ ভারতের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করতে পারেন।
বিডিনিউজ টুয়েন্টিফো ডটকম/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24