কাবুল, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ কোরীয় জিম্মিদের মুক্তির ব্যাপারে চলমান আলোচনা ব্যর্থ হলে বলপ্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে আফগান সরকার। জিম্মি ২৩ জনের একজনকে হত্যার পর আফগান সরকারের উপমন্ত্রী এবং মধ্যস্থতাকারী দলের নেতা শনিবার এ কথা জানান।
কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী মুনির মঙ্গল বলেন,"আমরা আলোচনায় বিশ্বাসী তবে আলোচনা ব্যর্থ হলে আমরা অন্য পন্থার আশ্রয় নেবো।"
তিনি বলপ্রয়োগের কথা বলছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন,"অবশ্যই"। দক্ষিণ কোরীয় জিম্মিদের উদ্ধারে সরকারের মধ্যস্থতাকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন মুনির।
তিনি বলেন,"আমরা আলোচনা করে সমঝোতার মাধ্যমে শর্তহীনভাবে সংকট নিরসনের চেষ্টা চালাচ্ছি।"
তিনি জানান, ধর্মীয় নেতারাসহ অন্য মধ্যস্থতাকারীরা শর্তহীনভাবে জিম্মি মুক্তির চেষ্টা চালাচ্ছেন। এ সময় তালেবানদের দাবি অনুসারে বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি নাকচ করে দেন তিনি।
কিন্তু শুক্রবার এক বিবৃতিতে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদস ইউসূফ বলেন, আফগান সরকার দক্ষিণ কোরীয় জিম্মিদের মুক্তির বিনিময়ে তালেবান বন্দিদের মুক্তি দিতে রাজি হওয়ায় নতুন করে আর কোনো সময়সীমা ঘোষণা করবেন না তারা।
এর আগে ৮ জন তালেবান বন্দি মুক্তির শর্ত বহাল রেখে সরকারকে শুক্রবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত সময় বেধে দেয় তালেবানরা। তা না হলে বাকী ২২ জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকিও দেয় তারা।
তালেবান অপহরণকারীরা ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করেছে। গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণাঞ্চলে একটি মহাসড়কে বাস থেকে তাদের অপহরণ করা হয়। এর মধ্যে বেশ কয়েকবার সময়সীমা দেওয়া হয়েছে এবং সে সময়সীমা পারও হয়ে গেছে। কিন্তু তালেবানরা জিম্মিদের সবাইকে হত্যার হুমকি কার্যকর করেনি।
জিম্মি সংকট নিরসনে নেয়া উদ্যোগ আরও জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা বায়েক জং-চুন'র শুক্রবার রাতে আফগানিস্তানে পৌঁছেছেন।
এর আগে সিবিএস নিউজকে টেলিফোন করে একজন মহিলা জিম্মি সাহায্য প্রার্থনা করেন। তিনি দ্রুত জিম্মিদের মুক্ত করার জন্য আহ্বান জানান। দক্ষিণ কোরীয় জিম্মিদের বাইরের সঙ্গে যোগাযোগের ঘটনা এই প্রথম।
নিহত জিম্মির নাম বায়ে হাইউঙ-কিউ। তিনি খ্রিস্টান স্বেচ্ছাসেবীদের ওই দলটি নেতা ছিলেন।
দক্ষিণ কোরিয়ীয় জিম্মিদের মধ্যে নার্স এবং ইংরেজির শিক্ষকসহ ২৩ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবক ছিলেন। এরা সবাই সিউলের দক্ষিণে বাংডং শহরের 'সায়েমমুল চার্চের' কর্মী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24