ওয়াশিংটন, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল আলবার্তো গনজালেসকে পদচ্যুত করতে কংগ্রেসের ডেমোক্রেট আইনপ্রণেতারা তার বিরুদ্ধে 'ক্রুসেড' শুরু করেছে বলে শুক্রবার অভিযোগ করেছে হোয়াইট হাউস। ডেমোক্রেট আইনপ্রণেতারা গনজালেসের বিরুদ্ধে 'মিথ্যাচারের' অভিযোগে তদন্তের দাবি এবং এফবিআই'য়ের পরিচালক গনজালেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পরপরই এ অভিযোগ করলো হোয়াইট হাউস।
এফবিআই'য়ের পরিচালক রবার্ট ম্যুলার বৃহস্পতিবার কংগ্রেসের এক শুনানিতে বলেন, আদালতের অনুমতি ছাড়া অভ্যন্তরীণ গুপ্তচরবৃত্তির বিষয়ে তার ঘোরতর আপত্তি আছে। এছাড়া ডেমোক্রেট আইনপ্রণেতাদের কাছ থেকে প্রশ্নের মুখোমুখি হওয়ার পরও গনজালেসের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ম্যুলার।
ম্যুলারের মন্তব্যের পরপরই বুশ প্রশাসনের সঙ্গে ডেমোক্রেট নিয়ন্ত্রণাধীন কংগ্রেসের তিক্ত বিতর্ককে আরও উস্কে দেয় হোয়াাইট হাউস। শুক্রবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেন সিনেটের ডেমোক্রেটর সদস্যরা যেকোনো ভাবেই হোক গনজালেসকে পরাস্ত করতে চাইছে।
পেরিনো বলেন,"এটর্নি জেনারেলকে ধ্বংস করে দিতে তার বিরুদ্ধে মরিয়া হয়ে এই ক্রুসেড শুরু করেছে তারা।"
নিউইয়র্কের ডেমোক্রেট সিনেটর চার্লস শ্যুমার তার দলের বিরুদ্ধে হোয়াইট হাউসের এ অভিযোগ নাকচ করে বলেন, "ধ্বংস তো বটেই, তবে তা ইতিমধ্যে তিনি নিজেই নিজেকে করেছেন।"
গত বছর বেশ কয়েকজন এটর্নিকে বরখাস্ত করার পর থেকেই ডেমোক্রেটদের তোপের মুখে পড়েন গনজালেস। তাদের দাবি এসব বরখাস্ত আদেশ ছিল রাজনৈতিক বিবেচনা প্রসূত। এরপর কংগ্রেসের শুনানিতে আদালতের অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ গুপ্তচরবৃত্তির পক্ষে বক্তব্য দেন গনজালেস। এরপরই ডেমোক্রেটদের সঙ্গে তার বিরোধ চরমে পৌঁছায়।
এটর্নি জেনারেল মিথ্যাচার করেছেন কি না সেটা তদন্ত করে দেখার জন্য বৃহস্পতিবার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটরা। বেশ কয়েকজন ডেমোক্রেট ও রিপাবলিকান আইনপ্রণেতা তাকে পদত্যাগ করার আাহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৬০৩ ঘ.
bdnews24