২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদির কাছে ২০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বুশের

আগামী এক দশকে সৌদি আরব এবং তার প্রতিবেশি দেশগুলোর কাছে ২০ বিলিয়িন ডলার মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র বিক্রির অনুমতি চেয়ে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসকে অনুরোধ করার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন। নিউইয়র্ক টাইমস শনিবারের সংস্করণে এ খবর দিয়েছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি সরকার সাহায্য করছে না। তারা মনে করেন এ অবস্থায় সৌদি আরবের কাছে অগ্রিম অস্ত্র বিক্রির প্রস্তাব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 07:51 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

নিউইয়র্ক, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী এক দশকে সৌদি আরব এবং তার প্রতিবেশি দেশগুলোর কাছে ২০ বিলিয়িন ডলার মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র বিক্রির অনুমতি চেয়ে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসকে অনুরোধ করার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন। নিউইয়র্ক টাইমস শনিবারের সংস্করণে এ খবর দিয়েছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি সরকার সাহায্য করছে না। তারা মনে করেন এ অবস্থায় সৌদি আরবের কাছে অগ্রিম অস্ত্র বিক্রির প্রস্তাব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পিত অস্ত্রসম্ভারের মধ্যে রয়েছে যুদ্ধবিমানের জন্য উন্নত সংস্করণের স্যাটেলাইট নিয়ন্ত্রিত বোমা এবং নৌবাহিনীর জন্য জাহাজ। অস্ত্র বিক্রির এ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনের কর্মকর্তাসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমসকে বলেন, তারা মনে করেন বুশ প্রশাসন ইসরায়েল আগামী দশ বছরের জন্য ৩০ বিলিয়ন ডলারের সামরিক সহায়ত দিয়ে আংশিকভাবে দেশটির উদ্বেগ প্রশমন করতে পারবে। তারপরও প্রশাসনের কর্মকর্তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। কারণ তারা আশঙ্কা করছেন, অস্ত্র বিক্রির চুক্তি কংগ্রেসে সৌদি সমালোচকদের বিরোধিতার মুখে পড়বে। টাইমস জানায়, এ বছরের হেমন্তে কংগ্রেসকে বিষয়টি জানানো হবে। তবে টাইমসের এ প্রতিবেদনের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া অস্ত্র বিক্রির পরিকল্পনার বিষয়ে বক্তব্যের জন্য পেন্টাগনের কোন মুখপাত্রের সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। মার্কিন কর্মকর্তারা টাইমসকে জানান, সৌদি আরবের কাছ থেকে ইরাকের ব্যাপারে সমর্থন চাওয়ার বিষয়টি চুক্তির শর্তে রাখা হয়নি। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনাটিকে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান শক্তিমত্তা সামাল দিতে উপসাগরীয় দেশগুলোকে সামরিক দিক থেকে আরও শক্তিশালী করার মার্কিন ইচ্ছা হিসাবে বর্ণনা করেন বুশ প্রশাসনের কর্মকর্তারা। তবে তারা জানান, ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সমর্থন আদায়ের জন্য পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গ্যাটস আগামী সপ্তাহে সৌদি আরব সফরের পরিকল্পনা এখনও বহাল রেখেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৩৩৯ ঘ.