ইসলামাবাদ, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের ইসলামাবাদে লাল মসজিদের কাছে শুক্রবার একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৩ জন। (আরও তথ্যসহ)
বেশ কিছুদিন বন্ধ থাকার পর এ দিন মসজিদটি নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হয়েছিল। দুপুরে জুমার নামাজের সময় তালেবান সমর্থক ছাত্ররা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরই রেস্তোরাঁয় বিষ্ফোরণ ঘটে।
ইসলামাবাদের শীর্ষ প্রশাসক খালিদ পারভেজ রয়টার্সকে জানান, রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়ছে।
হামলায় কমপক্ষে ৭ জন পুলিশও নিহত হয়েছে। মসজিদ থেকে রেস্তোরাঁটির দূরত্ব ৫৫০ মিটার। বিস্ফোরণের পর বিরাট এলাকাজুড়ে পুলিশের পোশাক, ক্যাপ, জুতা ছিন্নভিন্ন দেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী নাসির আহমেদ বলেন, "বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন দেহ উড়ে অনেক উপর থেকে রাস্তায় পড়তে দেখেছি আমি।"
বেশ কিছুদিন বন্ধ থাকার পর শুক্রবার মসজিদ চত্বরে বড় তাঁবু খাটিয়ে জুমার নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। নামাজের সময়ে তালেবান সমর্থকরা মিছিল বের করে পুলিশের প্রতি ইটপাটকেল ছুঁড়লে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং ছয় জনকে আটক করে। বিক্ষোভকারীরা তাদের কারাবন্দি নেতা আব্দুল আজিজকে মুক্তি দিয়ে মসজিদে ফিরিয়ে আনতে স্লোগান দেয়। লাল মসজিদে সেনা অভিযানে হামলায় আব্দুল আজিজ বেঁচে যান।
লাল মসজিদকে জঙ্গিমুক্ত করতে কদিন আগে চালানো সেনা অভিযানের জের ধরে পাকিস্তানে একের পর এক আত্মঘাতী হামলা চলছে। ওই সেনা অভিযানে ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
এ মাসের প্রথমদিকে জঙ্গি মুক্ত করার অভিযানে মসজিদটি ক্ষতবিক্ষত হয়। লাল ইটের দেওয়ালের জন্য বিখ্যাত এই মসজিদটিকে এখন নতুন করে সাজানো হচ্ছে ঘিয়ে আর সাদা রঙে। গোলাগুলিতে বিধ্বস্ত দেওয়াল মেরামত আর বুলেটের ক্ষত ঢেকে দিতে নতুন পলেস্তারা করা হলে লাল মসজিদটিকে আর লাল দেখা যাবে না।
মসজিদটি তৈরি করা হয়েছিল ১৯৬০ এর দশকে। এরপর '৮০ দশকে সে সময়ের সামরিক শাসক এবং বর্তমান ধর্মমন্ত্রীর বাবা জেনারেল জিয়া উল হকের আমলে মসজিদটি কট্টরপন্থী মুসলমানদের ঘাঁটিতে পরিণত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/ডিডি/এমএইচবি/০২৪৪ ঘ.
bdnews24