ওয়াশিংটন, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল-কায়েদা, তালেবান ও অন্যান্য জঙ্গি দমনাভিযানে অগ্রগতির ভিত্তিতে ইসলামাবাদকে সাহায্য দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা। এ ব্যাপারে তারা শিগগিরিই একটি আইনও প্রণয়ন করবেন। কংগ্রেসের কয়েকটি সূত্র বৃহস্পতিবার একথা জানায়।
মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত বিল পাস হলেই তা আইনে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের এ ধরনের আইন পাসের সিদ্ধান্ত থেকেই এটি স্পষ্ট যে, পাকিস্তানের আদিবাসী অঞ্চলে আল-কায়েদার দুর্ভেদ্য ঘাঁটি নিয়ে তারা কতটা উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলো ওসামা বিন লাদেনের আল-কায়েদা নেটওয়ার্ক এবং অন্যান্য মুসলিম জঙ্গিদের কাছ থেকে অনবরতই হুমকি পাচ্ছে বলে জানিয়েছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেশ হলেও জঙ্গি দমনে মুশাররফকে তারা আরও বেশি কিছু করে দেখাতে বলেছে।
১১ সেপ্টেম্বর কমিশনের সুপারিশ বাস্তবায়নে তৈরি করা একটি বিলের অংশ হিসাবেই পাকিস্তানে সাহায্য দেওয়া সংক্রান্ত বিলটি আনা হচ্ছে। প্রতিনিধি পরিষদ এবং সিনেট সদস্যদের আলোচনার ভিত্তিতেই আসছে এই বিল।
এ বিল পাস হলে পাকিস্তান জঙ্গি দমনে অগ্রগতি অর্জন না করা পর্যন্ত সেখানে সাহায্য সরবরাহ স্থগিত থাকবে। বিলের খসড়ায় একথা বলা হয়েছে। রয়টার্স একথা জানায়।
বিলে বলা হয়েছে, ইসলামাবাদকে জঙ্গি দমনে (আফগানিস্তানে সন্ত্রাসবাদে নিয়োজিত তালেবান, আল-কায়েদা, তাদের উত্তরসূরী বা অন্য যে কোনো সশস্ত্র জঙ্গি) দৃঢ়প্রতিজ্ঞা অবশ্যই দেখাতে হবে। আর এ লক্ষ্য অর্জনে পাকিস্তানকে সামরিক, আইনি, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রচারাভিযান চালানোর পদক্ষেপও নিতে হবে।
উল্লেখ্য, পাকিস্তান এ বছর অর্থনৈতিক এবং সামরিক ব্যয় বাবদ ৭০০ মিলিয়ন ডলার সাহায্য পাচ্ছে। ২০০৮ সালে তাদের আরও ৮০০ মিলিয়ন ডলার সাহায্য পাওয়া কথা। কিন্তু নতুন বিল পাস হলে এই সাহায্য বাধাগ্রস্ত হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৫ঘ.
bdnews24