ওয়াশিংটন, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে আরব নেতাদের সমর্থন পেতে আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
তবে সফরে তারা কতটা সাফল্য পাবেন এ নিয়ে বিশ্লেষকদের সংশয় রয়েছে।
দুই মার্কিন মন্ত্রী আগামী মঙ্গলবার মিশরের পর্যটন কেন্দ্র শারম আল শেখ-এ ৬ সদস্য বিশিষ্ট উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং জর্ডান ও মিশরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তারা সৌদি আরব যাবেন।
একজন আরব কূটনীতিক বলেন, "ওয়াশিংটনের এ উদ্যোগ যতটা না কাজের তার চেয়ে বেশি লোক দেখানো।"
তিনি বলেন, "তারা ওয়াশিংটনে প্রত্যেককে দেখাতে চায় আঞ্চলিকভাবে ইরাক বিষয়ে শলাপরামর্শ হচ্ছে এবং ইরাক প্রশ্নে আন্তরিক সমর্থন পাওয়া যাচ্ছে।"
ইরাক থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রে ক্রমশ চাপ বাড়ছে। এর ফলে সেপ্টেম্বরে ইরাক পরিস্থিতির অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন দেওয়ার আগে আগে সেখানে সাময়িকভাবে আরও সৈন্য পাঠানোর যুক্তি খুঁজছে ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্য সফরে দুই মন্ত্রী আশা করছেন ইরাকের ব্যাপারে উচ্ছ্বসিত হওয়ার মতো ধারণা আরব নেতাদের দিতে পারবেন এবং ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য আবার আহ্বান জানাবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিন ম্যাককরমেক জানান, তারা আশা করছেন আরব নেতারা ইরাকের ব্যাপারে জোরালো সমর্থন জানিয়ে একটি বিবৃতি দেবেন।
তিনি বলেন, "মধ্যপ্রাচ্যের সব জায়গা থেকে ইরাক ও ইরাকিদের জন্য আমরা আরও সক্রিয় ইতিবাচক সমর্থন চাইব।"
অন্যদিকে, কেবল ইরাক নয় ইসরায়েল ও ফিলিস্তিন সমস্যার ব্যাপারেও মনযোগ দেওয়ার জন্য ওয়াশিংটনকে চাপ দিচ্ছেন আরব নেতারা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে ইরাকের ব্যাপারেই মাথা ঘামালে হবে না, অন্যসব সমস্যার ব্যাপারেও ভাবতে হবে।
'সেন্টার ফর দ্য স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ' এর জন অলটারম্যান বলেন, "ইরাক ও আরব-ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে আলাদা আলাদা উদ্যোগের মধ্যে একটি যোগসূত্র আছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24